নিজেদের ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি) ফ্যাবে ২০২৩ সালের মধ্যে গাড়ির চিপ ও তৃতীয় প্রজন্মের সেমিকন্ডাক্টর উৎপাদন শুরু করবে হন হাই প্রিসিশন ইন্ডাস্ট্রি বা ফক্সকন। শেয়ারহোল্ডারদের নিয়ে সাম্প্রতিক বৈঠকে পরবর্তী তিন বছরের পরিকল্পনা উপস্থাপন করেন তাইওয়ানভিত্তিক কোম্পানিটির চেয়ারম্যান ইয়াং-ওয়ে লিয়ু। খবর ডিজিটাইমস।

বৈদ্যুতিক গাড়ি (ইভি) প্রযুক্তি উন্নয়নের জন্য শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন অংশীদারের সঙ্গে কাজ করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন তিনি। ২০২৫ সালের মধ্যে ইভি বাজারের ৫ শতাংশ হিস্যা নিয়ন্ত্রণে আনতে চায় ফক্সকন। এজন্য বার্ষিক ৫ লাখ থেকে সাড়ে ৭ লাখ ইউনিট ইভি উৎপাদন লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে তারা। ২০২৫ সালের মধ্যে ইভি খাত থেকে ফক্সকনের বার্ষিক আয় ১ ট্রিলিয়ন তাইওয়ানিজ ডলার বা ৩ হাজার ৪৪৯ কোটি ডলার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ইভি প্রযুক্তি উন্নয়নে ২০২১ ও ২০২২ সালে দেড় হাজার কোটি তাইওয়ানিজ ডলার বিনিয়োগ করেছে ফক্সকন। ২০২৩ সাল থেকে ৮ ও ৬ ইঞ্চি অটো ওয়েফার পুরোদমে উৎপাদন শুরু করবে তারা। ম্যাক্রোনিক্স ও শার্পের ওয়েফার ফ্যাব ব্যবহারের পাশাপাশি ১২ ইঞ্চির ফ্যাবের জন্য মালয়েশিয়ান কোম্পানির সঙ্গে কাজ করছে তারা।