আয় বাড়ানোর জন্য ইলোন মাস্ক ও টুইটার যেকোনো কিছু এড়াতে সক্ষম বলে প্রযুক্তিবিদদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেট (সিসিডিএইচ) এক প্রতিবেদনে জানায়, অতীতে নিষিদ্ধ ঘোষিত ১০টি অ্যাকাউন্ট থেকে মাইক্রোব্লগিং প্লাটফর্মটি বিজ্ঞাপন বাবদ বছরে প্রায় ২ কোটি (১ কোটি ৯০ লাখ) ডলার আয় করবে। খবর গিজচায়না।

ঘৃণাত্মক বক্তব্য ও ষড়যন্ত্রমূলক বিষয় প্রচার করায় একটা সময় এ ১০টি অ্যাকাউন্ট বন্ধ করে দেয় টুইটার। বিশ্লেষকদের মতে, মালিকানা ইলোন মাস্কের হাতে যাওয়ার পরই অ্যাকাউন্টগুলো ফিরে আসছে। এসব অ্যাকাউন্ট চরমপন্থী কাজে ব্যবহার করা হয়েছে। এগুলোর মধ্যে কিছু অ্যাকাউন্ট ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট, ডেইলি স্টর্মারের প্রতিষ্ঠাতা অ্যান্ড্রু অ্যাংলিনসহ আরো কিছু পরিচিত ব্যক্তির।

প্রতিবেদনে বলা হয়, গত ৪৭ দিন ধরে এসব অ্যাকাউন্ট খুবই সক্রিয় রয়েছে। এসব অ্যাকাউন্ট থেকে করা ১০ হাজারের বেশি টুইট পর্যালোচনার মাধ্যমে সিসিডিএইচ দেখতে পায়, প্রতিদিন গড়ে ১০টি অ্যাকাউন্ট থেকে করা টুইট বার্তায় ৫ কোটি ৪০ লাখের বেশি ইমপ্রেশন তৈরি হয়েছে। সাধারণ হিসেবে এক বছরে এসব অ্যাকাউন্ট দুই হাজার কোটি ইমপ্রেশন তৈরিতে সক্ষম।

বেশিসংখ্যক ব্যবহারকারীর কাছে পৌঁছানোর পাশাপাশি এসব অ্যাকাউন্ট থেকে বড় ধরনের আয়ের বিষয় জড়িত। গবেষকরা দেখতে পান প্রতি ৬ দশমিক ৭টি টুইটের মধ্যে বিজ্ঞাপন এসেছে। ব্র্যান্ডওয়াচের তথ্যানুযায়ী, প্রতি এক হাজার ইমপ্রেশনের জন্য টুইটারে বিজ্ঞাপন দিতে ৬ দশমিক ৪৫ ডলার ব্যয় হয়। ১০টি অ্যাকাউন্ট থেকে বার্ষিক আয়ের পরিমাণ ১ কোটি ৯০ লাখ ডলার।