গ্রাহকসংখ্যার দিক থেকে নতুন মাইলফলক অর্জন করেছে দেশের ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। চলতি বছরের জানুয়ারি মাসে ৩ দশমিক ৩ লাখ নতুন গ্রাহক নিয়ে মোট ৪ কোটি ১৪ লাখ গ্রাহকের নতুন মাইলফলক তৈরি করেছে প্রতিষ্ঠানটি।
গতকাল সচিবালয়ে বাংলালিংকের এ অর্জন উদযাপন করা হয়। এ সময় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, সচিব আবু হেনা মোরশেদ জামান, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস ও চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘আমাদের টেলিকম খাত বাংলাদেশের প্রযুক্তিগত অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। দেশের অন্যতম একটি টেলিকম অপারেটর হিসেবে বাংলালিংক এ অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’
বাংলালিংকের প্রধান নির্বাহী এরিক অস বলেন, ‘বাংলালিংকের চার কোটি গ্রাহক অর্জন আমাদের প্রবৃদ্ধির যাত্রায় আরেকটি গৌরবময় অধ্যায়ের সূচনা করেছে৷। আমরা গ্রাহক, নীতিনির্ধারক, অংশীদারসহ সংশ্লিষ্টদের প্রতি তাদের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।’










