কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ই-মেইল অ্যাপের আপডেট অনুমোদন পিছিয়ে দিয়েছে অ্যাপল। অ্যাপটি ব্লু মেইল নামে পরিচিত। খবর গিজচায়না।

অ্যাপটি শিশুদের জন্য বিভিন্ন আপত্তিকর কনটেন্ট তৈরি করতে পারে, এমন শঙ্কার কারণে অ্যাপল এ সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি দুটির মধ্যকার যোগাযোগের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে এমনটিই জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

ব্লু মেইলের মালিক কোম্পানি ব্লিক্সের প্রতিষ্ঠাতা বেন ভলাক ওয়াল স্ট্রিট জার্নালকে জানান, অ্যাপের আপডেটে ওপেনএআই’র জিপিটি-৩ ল্যাঙ্গুয়েজ মডেলের কাস্টমাইজ করা সংস্করণ ব্যবহৃত হওয়ায় গত সপ্তাহে এটি ব্লক করে দেয়া হয়।

ব্লিক্স ও অ্যাপলের সঙ্গে যোগাযোগ করা হলেও কারো পক্ষ কোনো মন্তব্য করা হয়নি। বর্তমান সময়ে প্রযুক্তি খাতে চ্যাটজিপিটি আলাদা অবস্থান তৈরি করেছে। ফেব্রুয়ারির শুরুতে মাইক্রোসফট ও অ্যালফাবেট মালিকানাধীন গুগল, দুটো কোম্পানিই নিজস্ব চ্যাটবট চালুর ঘোষণা দেয়।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন এআইচালিত চ্যাটবট নতুন এক ক্ষেত্র। আর এগুলোর প্রাথমিক অনুসন্ধান ফল ও কথোপকথনের ধরন এরই মধ্যে শিরোনামে উঠে এসেছে।