যৌথভাবে নিজস্ব টেলিকম অবকাঠামো ব্যবহারের সম্ভাবনা ও সুযোগ বিশ্লেষণের লক্ষ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বাংলালিংক ও টেলিটক।
চুক্তির আওতায় অপারেটর দুটি ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং নীতিমালা, টাওয়ার শেয়ারিং নীতিমালাসহ অন্যান্য প্রাসঙ্গিক আইন মেনে নিজ নিজ টেলিকম অবকাঠামো ও সুবিধা শেয়ারের সুযোগ এবং এর প্রযুক্তিগত সম্ভাব্যতা বিশ্লেষণ ও মূল্যায়ন করবে।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের উপস্থিতিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস ও টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন এ চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত
ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান, বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, বাংলালিংকের হেড অব গভর্মেন্ট অ্যান্ড এলইএ রিলেশনস ওয়াহেদ উল হক খন্দকারসহ প্রমুখ।
মোস্তাফা জব্বার বলেন, গ্রাহকদের জন্য সেবার মান আরো উন্নত করতে টেলিকম অপারেটরদের সম্মিলিত উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে টেলিকম খাতে আমূল পরিবর্তন এনে খাতটিকে অগ্রসর করতে পারে। আমি আশা করছি, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে টেলিকম খাতের অবদানের ক্ষেত্রে এটি একটি বিশেষ দৃষ্টান্ত হবে।
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, টেলিকম খাতের অবকাঠামো আরো শক্তিশালী করতে সবসময় অন্যান্য টেলিকম স্টেকহোল্ডারের সঙ্গে কাজ করার চেষ্টা করে যাবে বাংলালিংক। এর মাধ্যমে আরো উন্নত সেবা ও সাশ্রয়ী মূল্য নিশ্চিত করা সম্ভব হবে।
টেলিটকের ম্যানেজিং ডিরেক্টর মো. সাহাব উদ্দিন বলেন, বাংলালিংকের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে যৌথভাবে অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহারের একটি সুযোগ সৃষ্টি হচ্ছে। গ্রাহকদের এ উদ্যোগের মাধ্যমে সুবিধা দেয়ার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।










