২০২১ সালে ভারতের জিডিপিতে ১০ হাজার কোটি রুপি অবদান রেখেছেন ইউটিউবের কনটেন্ট নির্মাতারা। অক্সফোর্ড ইকোনমিকসের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, ভারতের অর্থনীতিতে প্রায় সাড়ে সাত লাখ কর্মসংস্থান সৃষ্টির সমমানের ভূমিকা রেখেছে ইউটিউব। খবর বিজনেস স্ট্যান্ডার্ড ইন্ডিয়া।

২০২০ সালে ভারতের অর্থনীতিতে ইউটিউবের অবদান ছিল ৬ হাজার ৮০০ কোটি রুপি, যা প্রায় ৬ লাখ ৮৩ হাজার ৯০০ কর্মসৃজনের সমান।

১৯ ডিসেম্বর আয়োজিত গুগল ফর ইন্ডিয়া নামে এক অনুষ্ঠানে বিভিন্ন উপাত্ত তুলে ধরেছে অ্যালফাবেট মালিকানাধীন কোম্পানিটি। ইউটিউবের দক্ষিণ-পূর্ব এশিয়া ও অ্যাপেক উদীয়মান বাজারের পরিচালক অজয় বিদ্যাসাগর বলেন, ভারতে সাধারণ মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে পড়েছে ইউটিউব। যেভাবে দেশটিতে কনটেন্ট ক্রিয়েটর ইকোনমি বিস্তৃত হচ্ছে তাতে আমরা আনন্দিত।

ভারতের মতো বাজারে কনটেন্ট ক্রিয়েটর বাজার সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে গুগল নিয়ন্ত্রণাধীন ভিডিও স্ট্রিমিং জায়ান্টটি। ইউটিউবে কনটেন্ট নির্মাতারা আটটি মনিটাইজেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে পারবে। আগামী বছর থেকে ভারতের নির্মাতারা তাদের দর্শকদের জন্য ফ্রি বা পেইড কোর্স অফার করতে পারবেন।