মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটার অধিগ্রহণের পর থেকে একের পর একে বিতর্কে জড়াচ্ছেন ইলোন মাস্ক। কর্মী ছাঁটাই, অফিসে যোগদানের নিয়মসহ সাংবাদিকদের অ্যাকাউন্ট বাতিলের কারণে কঠোর সমালোচনার মধ্যে এবার টুইটারের ভোট দেয়ার নীতিমালা পরিবর্তন করেছেন তিনি। খবর বিবিসি।

এখন থেকে কোম্পানির নীতিমালা বিষয়ক কোনো জরিপে শুধুমাত্র ব্লু টিকধারী ব্যবহারকারীরা ভোট দিতে পারবেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২০ ডিসেম্বর) এক ব্যবহারকারীর টুইটারে রাখা প্রশ্নের ফিরতি জবাবে তিনি এ কথা বলেন। 

এদিকে টুইটারে চালু হওয়া ভোটিংয়ে ১ কোটি ৭৫ লাখ ২ হাজার ৩৯১ ভোট পড়েছে। যার মধ্যে ৫৭ দশমিক ৫ শতাংশ পদ থেকে সরে যাওয়ার পক্ষে এবং পদে আসীন থাকার পক্ষে ৪২ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছে। ভোটে যে ফল আসবে ইলোন মাস্ক তা মেনে নেয়ার কথা জানিয়েছেন। তাই শিগগিরই হয়তো টুইটারের প্রধান নির্বাহী পদে রদবদল হতে পারে।

এর আগে সোমবার (১৯ ডিসেম্বর) এক জরিপে মাস্ক টুইটার ব্যবহারকারীদের কাছে জানতে চান, টুইটারের প্রধান নির্বাহীর পদ থেকে তার সরে দাঁড়ানো উচিত কিনা। জরিপে ১ কোটি ৭৫ লাখ ২ হাজার ৩৯১ ভোট পড়েছে। যার মধ্যে ৫৭ দশমিক ৫ শতাংশ পদ থেকে সরে যাওয়ার পক্ষে এবং পদে আসীন থাকার পক্ষে ৪২ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছে।

জরিপের আগে মাস্ক বলেন, জরিপে যা ফল আসবে সেটি মেনে নেবেন। তবে প্রধান নির্বাহী হিসেবে পদত্যাগ করলেও টুইটারের মালিক তিনিই থাকবেন।