সিডস ফর দ্য ফিউচার ২০২২ বাংলাদেশ প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে অংশগ্রহণ করবে ৩০ জন শিক্ষার্থী। শিক্ষার্থীদের সিজিপিএ, একাডেমিক জ্ঞান, সৃজনশীলতা/প্রজেক্ট আইডিয়া ও ইংরেজি বিষয়ে দক্ষতার ওপর ভিত্তি করে তাদের এ প্রোগ্রামের জন্য নির্বাচিত করা হয়েছে।

হুয়াওয়ের কর্মকর্তা, প্রজেক্ট ম্যানেজার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল দ্বিতীয় রাউন্ডে অংশ নেয়া ২০০ অংশগ্রহণকারীর মধ্যে থেকে তৃতীয় রাউন্ডের জন্য ৩০ শিক্ষার্থীকে নির্বাচন করেন।

প্রাথমিকভাবে প্রোগ্রামটিতে ১ হাজার ১০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। সেখান থেকে তৃতীয় রাউন্ডের জন্য নির্বাচিত ৩০ জনের দক্ষতা, পরীক্ষা, প্রকল্প ও প্রেজেন্টেশন স্কিল রপ্ত করার ওপর জোর দেয়া হবে। মিট দ্য মেন্টর শীর্ষক প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণও দেয়া হবে।

তৃতীয় রাউন্ডের পারফরম্যান্সের ভিত্তিতে নয়জন সেরা শিক্ষার্থী থাইল্যান্ডে অনুষ্ঠেয় রিজিওনাল রাউন্ডে অংশ নেয়ার সুযোগ পাবে এবং রিজিওনাল রাউন্ডের বিজয়ীরা সিঙ্গাপুরে অনুষ্ঠেয় টেকফরগুড অ্যাকসেলেরেটর ক্যাম্পে অংশ নেবে।

হুয়াওয়ে বাংলাদেশের পাবলিক অ্যাফেয়ার্স ও কমিউনিকেশনস বিভাগের প্রধান ইউইং কার্ল বলেন, নয় বছর আগে হুয়াওয়ে বাংলাদেশে সিডস ফর দ্য ফিউচার (এসএফটিএফ) প্রোগ্রামটি চালু করে। প্রতিবারই আমরা অংশগ্রহণকারীদের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। এ বছর অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে আমাদের অভিজ্ঞতা চমত্কার। আইসিটি খাত রূপান্তরের স্বপ্নপূরণে এগিয়ে চলছে বাংলাদেশ। এ স্বপ্নপূরণে তরুণরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।