সাইবার হুমকির পরিপ্রেক্ষিতে ইউক্রেনকে সহায়তার উদ্দেশ্যে একটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছে ছয় ইউরোপীয় দেশ। ইউক্রেনের দুটি অঞ্চলকে রাশিয়া স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়ার পর সাইবার হামলার আশঙ্কার মধ্যে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের পাঠাচ্ছে ইইউভুক্ত দেশগুলো। সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছেন লিথুয়ানিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী মারগিরিস আবুকেভিসিয়াস। খবর রয়টার্স ও বিবিসি।

ইউক্রেনের আবেদনের পরিপ্রেক্ষিতে ইউরোপজুড়ে একটি সাইবার র‌্যাপিড রেসপন্স টিম (সিআরআরটি) গঠন করা হয়েছে। সিআরআরটি দলে লিথুয়ানিয়া, ক্রোয়েশিয়া, পোল্যান্ড, এস্তোনিয়া, রোমানিয়া ও নেদারল্যান্ডসের আট থেকে ১২ জন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ রয়েছে। ইউক্রেন ও রাশিয়ার চলতি সামরিক উত্তেজনার মধ্যে সাইবার আক্রমণের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

ফেব্রুয়ারির শুরুতেই এক সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল ইউক্রেনের দুটি বাণিজ্যিক ব্যাংকের অনলাইন সেবা এবং বেশ কয়েকটি সরকারি ওয়েবসাইট। ওই ঘটনায় রাশিয়াকে দায়ী করেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

সিআরআরটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও প্রতিরক্ষা জোরদার করার উদ্যোগ বলে জানিয়েছে বিবিসি। সাইবার হুমকি চিহ্নিত করে মোকাবেলায় প্রচলিত আনুষঙ্গিকের সবই আছে দলটির হাতে।

রাশিয়ার বিরুদ্ধে কথিত ‘হাইব্রিড ওয়ারফেয়ার’-এর অভিযোগ উঠেছে আগেও। জর্জিয়া ও ক্রাইমিয়ায় প্রচলিত সামরিক কর্মকাণ্ডের সঙ্গে সাইবার হামলা চালানোর অভিযোগ আছে মস্কোর বিরুদ্ধে।

২০১৫ ও ২০১৬ সালে ইউক্রেনের কয়েকটি শহরের সাবস্টেশনে সাইবার হামলা চালিয়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিকল করে দিয়েছিল হ্যাকাররা। ওই ঘটনায় রাশিয়াকেই দুষেছিল ইইউ ও ইউক্রেন।

বরাবরের মতো ওই সাইবার হামলাগুলোর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে ক্রেমলিন।