পাঁচ সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর ফিরেছে টোঙ্গার প্রধান ইন্টারনেট সংযোগ। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং এতে সৃষ্ট সুনামিতে সাবমেরিন কেবল সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। মঙ্গলবার থেকে ইন্টারনেট সংযোগ চালুর বিষয়টি নিশ্চিত করেছে রাষ্ট্রনিয়ন্ত্রিত কেবল নেটওয়ার্ক। খবর এপি।

টোঙ্গা কেবল লিমিটেডের চেয়ারপারসন সামিউয়েলা ফনুয়া জানান, সংযোগের পর ফাইবার-অপটিক কেবলটি এখন পুরোপুরি সক্রিয়।

১৫ জানুয়ারির অগ্ন্যুৎপাত ও সুনামিতে টোঙ্গায় তিনজন নিহত হয়। এছাড়া কয়েক ডজন ঘরবাড়ি ভেঙে যায় এবং খাবার পানি দূষিত হয়। এতে ৯৬ কিলোমিটার বা ৫৬ মাইলের মতো সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্ত সাবমেরিন কেবল মেরামত করায় এখন দেশের প্রধান নেটওয়ার্ক চালু করা যাচ্ছে। দ্বিতীয় কেবল মেরামত সম্পন্ন হলে প্রধান দ্বীপের বাইরে অন্য ছোট দ্বীপগুলোর ইন্টারনেট সংযোগ চালু করা যাবে। এখন সেদিকেই মনোযোগ দেয়া হচ্ছে বলে জানান ফনুয়া। পর্যাপ্ত কেবলের অভাবে কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান তিনি। টোঙ্গা কেবলের কাছে পর্যাপ্ত কেবল না থাকায় অন্যান্য কোম্পানির কাছ থেকে ধার করতে হচ্ছে। 

বার্তা সংস্থা এপিকে ফনুয়া জানান, ইন্টারনেট সংযোগ পুনরুদ্ধারে ইলোন মাস্কের কোম্পানি স্পেসএক্স সহায়তা করেছে। যেসব দ্বীপে সাবমেরিন কেবল সংযোগ নিশ্চিত করা যায়নি, সেখানে স্পেসএক্সের সহযোগিতা কাজে আসছে।

প্রতিবেশী দ্বীপরাষ্ট্র ফিজির কর্মকর্তারা জানান, টোঙ্গায় সংযোগ নিশ্চিতে একটি স্টেশন স্থাপন করেছে স্পেসএক্স।