এখন থেকে ওয়েব ব্রাউজারেও শোনা যাবে ক্লাবহাউজের অনুষ্ঠানাদি। ২০২০ সালে যাত্রা শুরুর পর থেকেই এ পরিকল্পনা ছিল অডিও স্ট্রিমিং সাইটটির। অবশেষে সম্প্রতি ওয়েব ব্রাউজারে চালু হচ্ছে ক্লাবহাউজ। এতে রিপ্লে শোনা, লাইভ রুমসে যুক্ত হওয়ার সুযোগ থাকছে গ্রাহকদের। খবর এনগ্যাজেট।
আপাতত পরীক্ষামূলকভাবে কিছু দেশে এ ফিচার চালু হওয়ায় শুরুতে কিছু বাগের বিড়ম্বনায় পড়তে হবে। কোম্পানিটি জানায়, ব্যবহারকারীদের কাছে কার্যকরী মনে হলে আরো কিছু দেশে তা চালু হবে।
পৃথক এক বিবৃতিতে ক্লাবহাউজ জানায়, তারা শেয়ার শিট আপডেট করছে। তার মানে আপনি যখন গেস্ট রুমে থাকবেন তখন শেয়ার বাটনে চাপ দিতে পারবেন। ইন্টারফেসের নিচের দিকে থাকা এ বাটনে চাপ দিয়ে বিভিন্ন প্লাটফর্মে ও মেসেজ বক্সে শেয়ার করা যাবে।
স্পষ্টত এসব আপডেটের মাধ্যমে আরো গ্রাহকের কাছে পৌঁছানোর চেষ্টা করছে অডিও স্ট্রিমিং প্লাটফর্মটি। শুরুর দিকে যাদের ক্লাবহাউজ অ্যাকাউন্ট রয়েছে, তাদের থেকে ইনভাইটের মাধ্যমে নতুন ব্যবহারকারী এ অ্যাপে যুক্ত হতে পারতেন। কিন্তু ফেসবুক ও টুইটারের মতো সোস্যাল মিডিয়া জায়ান্ট যখন নিজস্ব লাইভ অডিও ফিচার নিয়ে আসে তখন চ্যালেঞ্জে পড়ে ক্লাবহাউজ। প্রাসঙ্গিকতা ধরে রাখার জন্য এবং সহজে গ্রাহকদের কাছে পৌঁছতে বিভিন্ন নতুন ফিচার আনছে অডিও শেয়ারিং প্লাটফর্মটি।










