প্রযুক্তিবাজারে অ্যাপলের নামডাক সর্বত্র। আর স্মার্টফোনের বাজারের দিক থেকে ভারত অনেক প্রতিষ্ঠানেরই পছন্দের জায়গা। সে হিসেবে এবার এশিয়ার দেশটিতে স্টোর চালুর উদ্যোগ নিয়েছে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। স্টোর চালুর লক্ষ্যে নিয়োগ কার্যক্রমও চালু করেছে প্রতিষ্ঠানটি। খবর টেকটাইমস।
প্রযুক্তি জায়ান্টটি এরই মধ্যে কয়েক ডজনের বেশি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মাধ্যমে এটি নিশ্চিত হয় যে ভারতে প্রতিষ্ঠানটি তাদের স্টোর চালুর বিষয়ে আগ্রহী। প্রতিবেদন অনুযায়ী, প্রযুক্তি জায়ান্টটি বিশ্বের অন্যতম স্মার্টফোন বাজারে সিনিয়র ম্যানেজার, স্টোর লিডার, বিজনেস এক্সপার্টসহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে।
অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক এর আগে বলেছিলেন, আইফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানটি ভারতে রিটেইল স্টোর চালুতে কাজ করছে। অন্য কেউ এ দেশে আমাদের ব্র্যান্ড পরিচালনা করবে আমি সেটা দেখতে চাই না। ভার্জ জানায়, প্রাথমিকভাবে ব্রিক অ্যান্ড মর্টার স্টোর চালুর জন্য ২০২১ সালে সিদ্ধান্ত নিয়েছিল অ্যাপল। ব্রিক অ্যান্ড মর্টার স্টোর হচ্ছে মূলত এমন একটি দোকান, যেখানে গ্রাহকরা সশরীরে এসে তাদের পণ্য দেখতে পারবে।
কভিড-১৯ মহামারীর সংক্রমণ শুরু হলে পরিকল্পনাটি পিছিয়ে যায়। এর পরিবর্তে ২০২০ সালে ভারতে অনলাইন স্টোর চালু করে প্রযুক্তি জায়ান্টটি। ফলে গ্রাহক সরাসরি টেক জায়ান্টটির কাছ থেকে পণ্য কিনতে পারত। ভারতে কবে নাগাদ রিটেইল শপ চালু করা হবে সে বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি রয়েছে।










