ক্লাউড পরিষেবার চাহিদা বৃদ্ধিতে ওয়াল স্ট্রিটের পূর্বাভাসের চেয়ে আয় ও মুনাফা বেড়েছে ওরাকলের। সম্প্রতি প্রকাশিত উপাত্তে এ তথ্য উঠে এসেছে। টেক্সাসভিত্তিক প্রযুক্তি কোম্পানিটির চতুর্থ প্রান্তিকের আয় বেড়েছে ৫ শতাংশ। আয় ও মুনাফা বৃদ্ধির ফলে গতকাল শেয়ারবাজারে ওরাকলের শেয়ারদর বেড়েছে ১২ শতাংশ। খবর রয়টার্স।

৩১ মে শেষ হওয়া চতুর্থ প্রান্তিকে ওরাকলের আয় হয়েছে ১ হাজার ১৮৪ কোটি ডলার। যেখানে বিশ্লেষকদের পূর্বাভাস ছিল ১ হাজার ১৬৬ কোটি ডলার। এতে শেয়ারপ্রতি কোম্পানির আয় হয়েছে ১ দশমিক ৫৪ ডলার।

এক বিবৃতিতে ওরাকলের শীর্ষ নির্বাহী কর্মকর্তা সাফ্রা ক্যাটজ উল্লেখ করেন, আমাদের অবকাঠামো ব্যবসা যে উচ্চ প্রবৃদ্ধির ধাপে প্রবেশ করেছে, সাম্প্রতিক আয় ও মুনাফা বৃদ্ধিতে তা স্পষ্ট হয়ে উঠেছে। চলমান মূল্যস্ফীতি ও ডলারের মানে অস্থিরতার মধ্যেও ক্লাউড ব্যবসায় উল্লেখ্যযোগ্য প্রবৃদ্ধির আশাবাদ ওরাকলের।

ক্লাউড ব্যবসায় শক্তিশালী আয়ের পূর্বাভাস দিয়েছে মাইক্রোসফট ও সেলসফোর্স ইনকরপোরেশনের মতো কোম্পানিও। তবে চলমান ইউক্রেন যুদ্ধ কিছুটা প্রভাব রাখতে পারে বলে শঙ্কা ওরাকলের।