চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে ফাইভজি নেটওয়ার্ক চালুর ঘোষণা দেয় টি-মোবাইল ও এটিঅ্যান্ডটির মতো টেলিকম জায়ান্ট। শুরুতে পরীক্ষামূলকভাবে কিছু এলাকায় ফাইভজি চালু হলেও এর আওতা বিস্তৃত হয়েছে বলে জানায় টেলিকম কোম্পানিগুলো। সম্প্রতি টি-মোবাইল বলছে, যুক্তরাষ্ট্রের ৩১ কোটি ৫০ লাখ মানুষ তাদের ফাইভজি নেটওয়ার্কের আওতায় এসেছে। খবর টেক টাইমস।
অ্যান্ড্রয়েড হেডলাইনের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ১৮ লাখ বর্গকিলোমিটার টি-মোবাইলের ফাইভজি নেটওয়ার্কের আওতায় এসেছে। যুক্তরাষ্ট্রে সবচেয়ে জনপ্রিয় টেলিকম কোম্পানি টি-মোবাইল। দাম কিংবা ডাউনলোড ও আপলোড স্পিডের দিকে প্রতিদ্বন্দ্বী অনেক কোম্পানির চেয়ে এগিয়ে থাকার দাবি তাদের।
বর্তমানে এক্সটেনডেড র্যাঞ্জ ফাইভজি ও আল্ট্রা ক্যাপাসিটি ফাইভজি, এ দুটি অফারে ফাইভজি সেবা দিচ্ছে টি-মোবাইল। প্রথমটি ১৮ লাখ বর্গকিলোমিটার ব্যাপৃত এবং ৩১ কোটি ৫০ লাখ মানুষ এর আওতায়। অন্যদিকে আল্ট্রা ক্যাপাসিটি ফাইভজির আওতায় যুক্তরাষ্ট্রের ২২ কোটি ৫০ লাখ মানুষ। চলতি বছরের শেষ নাগাদ ২৬ কোটি মানুষকে এ নেটওয়ার্কে আনতে চাচ্ছে টি-মোবাইল। ২০২৩ সাল নাগাদ যুক্তরাষ্ট্রের ৩০ কোটি মানুষকে এ নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে টেলিকম জায়ান্টটি।










