মহামারী উত্তর পুনরুদ্ধার প্রত্যাশার চেয়ে শ্লথগতির দেখা যাচ্ছে। এবার অ্যাপলের পর স্মার্টফোন উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে স্যামসাং। সম্প্রতি দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি জানায়, চলতি বছরে তিন কোটি ইউনিট কম স্মার্টফোন উৎপাদন করবে তারা। খবর ফোন অ্যারেনা।
মহামারীর প্রভাবে ২০২০ সালে আকস্মিকভাবে বিক্রিবাট্টা কম হওয়ার পর গত বছর স্মার্টফোন বিক্রি বেশ চাঙ্গা ছিল। কিন্তু চলতি বছরে স্মার্টফোন বাজার যেমন সম্প্রসারিত হওয়ার কথা ছিল, তেমনটা হয়নি। মহামারীপূর্ব ২০১৯, ২০১৮ কিংবা ২০১৭-এর উপাত্তকে ছাড়িয়ে যাওয়া দূরের কথা, তার সমপরিমাণ বিক্রি করতে পারছে না স্মার্টফোন কোম্পানিগুলো।
গত বছরের চাঙ্গা উপাত্তের ওপর দাঁড়িয়ে ২০২২ সালে যেমন বিক্রি প্রত্যাশা করা হচ্ছিল, স্যামসাং তা অর্জন করতে পারছে না। কয়েক মাস ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং সাংহাই, কুনশান ও বেইজিংয়ের কয়েক সপ্তাহব্যাপী লকডাউনে পরিস্থিতির আরো অবনতি হয়েছে। কয়েক সপ্তাহ আগে স্মার্টফোন উৎপাদন কমানোর ইঙ্গিত দিয়েছিল অ্যাপল। এবার স্যামসাংও এ তালিকায় যুক্ত হয়েছে। স্যামমোবাইলের প্রতিবেদনে বলা হয়, চলতি বছর তিন কোটি ইউনিট কম স্মার্টফোন উৎপাদন করবে স্যামসাং। চলতি বছরে ৩০-৩১ কোটি ইউনিট স্মার্টফোন উৎপাদনের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছিল স্যামসাং। এখন তা কমিয়ে ২৭-২৮ কোটি ইউনিট করেছে তারা। সাশ্রয়ী ও ফ্ল্যাগশিপ স্মার্টফোন উৎপাদন কমাবে স্যামসাং। সম্প্রতি ভারতে ফিচার ফোন উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে তারা। বিশ্বব্যাপী মূল্যস্ফীতি দেখা দিয়েছে। এতে গ্রাহকরা তাদের অপ্রয়োজনীয় কিংবা অগুরুত্বপূর্ণ ব্যয় কমিয়ে দিয়েছেন। প্রযুক্তি উপাত্ত বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যানালিসের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথম প্রান্তিকে স্যামসাংয়ের স্মার্টফোন বিক্রি গত বছরের একই প্রান্তিকের তুলনায় ১১ শতাংশ কমেছে।










