মানুষ ও সমাজের প্রয়োজনে আবারো পাশে দাঁড়িয়েছে টেলিযোগাযোগ পরিষেবা প্রতিষ্ঠান গ্রামীণফোন। বর্তমানে বাংলাদেশ থেকে উদ্বিগ্ন পরিবারের সদস্যরা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক ও সিরিয়ায় বিনামূল্যে যোগাযোগ করতে পারবে। আগামীকাল পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় কোনো চার্জ ছাড়াই গ্রামীণফোন নেটওয়ার্কের মাধ্যমে কল করা যাবে।

এক শতাব্দীর মধ্যে গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এখনো উদ্ধার তৎপরতা চলছে। ভয়াবহ এ ভূমিকম্পের খবর সর্বত্র পৌঁছানো মাত্রই বিশ্ব থেকে তুরস্ক ও সিরিয়ায় অবস্থানরত প্রিয়জনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে মানুষ। জরুরি প্রয়োজনে মানুষকে যোগাযোগে সহায়তা করায় বিশ্বাসী গ্রামীণফোন। আর এ বিশ্বাসের ধারাবাহিকতায়, প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে তুরস্ক এবং সিরিয়ার আইএসডি আউটগোয়িং কল করার চার্জ ফ্রি করে দিয়েছে। 

ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। সে সঙ্গে যারা ভূমিকম্পের ভয়াবহতা থেকে বেঁচে ফিরছেন, তাদের গল্প যেমন মর্মাহত করেছে তেমনি নতুন আশার সঞ্চারও করছে। ভয়াবহ এ ভূমিকম্প নিয়ে এরই মধ্যে শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার, দিয়েছে প্রয়োজনীয় সহায়তা। দেশের সর্বস্তরের মানুষ সমবেদনা জানিয়েছে। দায়বদ্ধ ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে, দেশের টেলিকম ইন্ডাস্ট্রি থেকে প্রথম এমন উদ্যোগ গ্রহণ করল গ্রামীণফোন।