চলতি বছরে ৪০ লাখের বেশি গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) বিক্রির লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে ইন্টেল। সে লক্ষ্যমাত্রা সামনে রেখে ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে ডেস্কটপ কম্পিউটারের জন্য তৈরি আর্ক জিপিইউ বাজারে আনতে যাচ্ছে শীর্ষস্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি। এছাড়া ওয়ার্কস্টেশন জিপিইউগুলো চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বাজারে আসবে। খবর দ্য ভার্জ।

আর্ক জিপিইউগুলোর কার্যক্ষমতা নিয়ে আনুষ্ঠানিকভাবে খুব কম তথ্যই দিয়েছে ইন্টেল। তবে ব্যবহারকারীরা জিপিইউগুলো থেকে কী প্রত্যাশা করতে পারেন, সে সম্পর্কে বিস্তর ইঙ্গিত মিলছে ফাঁস হওয়া তথ্য-উপাত্ত থেকে। ইন্টেল গ্রাফিকসের ভাইস প্রেসিডেন্ট একটি আর্ক জিপিইউর ছবি টুইট করলেও সেটি বাদে মডেলভেদে এর দাম, কোথায়, কবে কিনতে পাওয়া যাবে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি ইন্টেল।

প্রতিষ্ঠানটি চলতি বছরে ডেস্কটপ, ল্যাপটপ এবং ওয়ার্কস্টেশন লাইনআপে ৪০ লাখের বেশি জিপিইউ বিক্রির পরিকল্পনা করেছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট আর্স টেকনিকা। কিন্তু তাতেও বাজারের চাহিদা মিটবে না বলে মন্তব্য করেছে সাইটটি। বাজার বিশ্লেষকদের দেয়া তথ্য বলছে, ২০২০ সালের শেষ প্রান্তিক থেকে ২০২১ সালের তৃতীয় প্রান্তিক পর্যন্ত এনভিডিয়া ও এএমডি মিলে ৪ কোটি ৭০ লাখ ডেস্কটপ জিপিইউ বিক্রি করেছিল। ল্যাপটপ কম্পিউটারে ব্যবহূত জিপিইউ বাদ পড়েছে এ হিসাবে।