জার্মানির ড্রেসডেনে ইউরোপের প্রথম কারখানা স্থাপন করতে চায় তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। এ লক্ষ্যে প্রধান সরবরাহকারীদের সঙ্গে আলোচনা করছে বিশ্বের অন্যতম এ চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান। সম্প্রতি দ্য ফাইন্যান্সিয়াল টাইমস প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গিয়েছে। খবর রয়টার্স।
সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, নতুন কারখানা স্থাপনে সরকারের মতামত জানতে ২০২৩ সালের শুরুতে জার্মানিতে সিনিয়র নির্বাহীদের একটি দল পাঠাবে টিএসএমসি। এছাড়া প্রয়োজন পূরণে সেখানকার স্থানীয় সরবরাহ চেইনের সক্ষমতাও যাচাই করা হবে।
প্রতিবেদনের বিষয়ে এক বিবৃতিতে টিএসএমসি জানায়, আমরা সম্ভাবনার বিষয়টি উড়িয়ে দিচ্ছি না। তবে বর্তমানে আমাদের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। অন্যদিকে জুনে তাইওয়ান ও ইউরোপিয়ান ইউনিয়নে উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর পরই তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি জানায়, ইউরোপে কারখানা স্থাপনের বিষয়ে তাদের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটি তাদের কারখানা স্থাপনের বিষয়ে বেশ কয়েকটি যন্ত্রাংশ ও উপাদান সরবরাহকারীর সঙ্গে আলোচনা করেছে।










