স্কটল্যান্ডের স্বাধীনতা সম্পর্কিত কনটেন্টের মাধ্যমে দেশটির অধিবাসীদের শিকারে পরিণত করার চেষ্টায় জড়িত ইরানভিত্তিক ভুয়া অ্যাকাউন্ট নেটওয়ার্ক বন্ধ করেছে মেটা। এক ঘোষণায় তদন্তকারীরা একথা জানান। খবর রয়টার্স।
মেটা জানায়, ভুয়া অ্যাকাউন্টের নেটওয়ার্কটি ইংল্যান্ড ও স্কটল্যান্ডের অধিবাসী হিসেবে ভুয়া পরিচয় ব্যবহার করছিল। পাশাপাশি বর্তমানে প্রচলিত কিছু ঘটনা নিয়ে যুক্তরাজ্যে সরকারের সমালোচনা করে ছবি ও ব্যঙ্গাত্মক পোস্ট দিয়ে আসছিল। বানানে ভুল করলেও অ্যাকাউন্টগুলো থেকে সাধারণ হ্যাশট্যাগ ব্যবহারের মাধ্যমে বিষয়গুলো উপস্থাপন করা হচ্ছিল। ভুয়া পরিচয়কে আরো বিশ্বাসযোগ্য করতে অ্যাকাউন্টগুলো থেকে ফুটবল ও যুক্তরাজ্যের বিভিন্ন শহর সম্পর্কিত পোস্টও দেয়া হতো।
বিবৃতিতে মেটা জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কিছু ভুয়া অ্যাকাউন্ট প্রোফাইল পিকচার তৈরি করেছিল। কিছু অ্যাকাউন্ট আবার মিডিয়া ব্যক্তিত্বদের ছবি ব্যবহার করেছে।
২০১৪ সালে স্কটিশ স্বাধীনতার ওপর আয়োজিত এক গণভোটে, স্কটল্যান্ডের নাগরিকদের ৫৫ শতাংশ যুক্তরাজ্যের সঙ্গে থাকার মত দেয়।










