ডেস্কটপ ও ল্যাপটপের কার্যক্ষমতা বাড়ানোর জন্য পরবর্তী প্রজন্মের দ্রুতগতিসম্পন্ন সলিড স্ট্রেট ড্রাইভ (এসএসডি) তৈরিতে কাজ করছে স্যামসাং। নিত্যদিনের কাজগুলো যেন আরো দ্রুত ও কম সময়ে করা যায় সেটিই নতুন এসএসডি তৈরির মূল লক্ষ্য। খবর টেকরাডার।

পিএম৯সিওয়ানএ প্রযুক্তিতে পিসিআইই ৪.০ এক্সপ্যানশন বাস ব্যবহার করা হবে, যা দ্রুতগতিতে কাজ সম্পাদনে সহায়তা করবে। পুরনো প্রযুক্তির পরিবর্তে নতুন ড্রাইভে স্যামসাংয়ের ৫ ন্যানোমিটার প্রসেস নোডভিত্তিক সেভেন জেনারেশনের ভি ন্যান্ড প্রযুক্তি থাকবে। সহজ কথায় নতুন প্রযুক্তি এসএসডিগুলো আগের ভার্সনগুলোর তুলনায় কাজ সম্পাদনে আরো গতিশীল ও বিদ্যুৎসাশ্রয়ী হবে।

স্যামসাংয়ের দাবি ভবিষ্যতে যে এসএসডি ড্রাইভ আসতে যাচ্ছে তার সিকোয়েন্সিয়াল রিড স্পিড হবে প্রতি সেকেন্ডে ৬ হাজার মেগাবাইট। অন্যদিকে রাইট স্পিড হবে প্রতি সেকেন্ডে ৫ হাজার ৬০০ মেগাবাইট, যা আগের পিএম৯বিওয়ান এসএসডির তুলনায় দ্বিগুণ বেশি। রিড স্পিড হচ্ছে ড্রাইভে থাকা কোনো ফাইল চালু করার গতি এবং রাইট স্পিড হচ্ছে ফাইল কপি বা সেভ করার গতি।