অতিসম্প্রতি মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটারে বড় ধরনের সাইবার হামলার দাবি করেছেন এক নিরাপত্তা গবেষক। এ হামলার মাধ্যমে আক্রমণকারীরা ২০ কোটির বেশি ব্যবহারকারীর ই-মেইল ঠিকানা হাতিয়ে নিয়েছে এবং অনলাইন হ্যাকিং ফোরামে সেগুলো পোস্ট করেছে। খবর রয়টার্স।

৪ জানুয়ারি লিংকডইনে এক পোস্টে ইসরাইলভিত্তিক সাইবার নিরাপত্তা কোম্পানি হাডসন রকের সহপ্রতিষ্ঠাতা অ্যালন গাল বলেন, হামলার কারণে দুর্ভাগ্যবশত বেশকিছু সংখ্যক হ্যাকিং, ফিশিং ও ডক্সিং বেড়ে যাবে। আর একে তিনি নিজের দেখা অন্যতম গুরুত্বপূর্ণ ফাঁস হওয়ার ঘটনা বলে আখ্যা দিয়েছেন।

আগে গত ২৪ ডিসেম্বর প্রথম পোস্ট করেছিলেন গাল। তবে সে বিষয়ে টুইটারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। এমনকি ওই তারিখের পর থেকে ই-মেইল ফাঁস সম্পর্কে তদন্তের বিষয়েও কোনো প্রতিক্রিয়া জানায়নি প্লাটফর্মটি। ঘটনা তদন্তে টুইটার কী ধরনের পদক্ষেপ নিয়েছে বা আদৌ নিয়েছে কিনা, সেটিও পরিষ্কারভাবে জানা যায়নি।

অনলাইন ফোরামে গ্রাহকদের যে তথ্য প্রকাশ করা হয়েছে, সেগুলো আসলেই টুইটার থেকে এসেছে কিনা সেটিও রয়টার্সের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি। তবে সেখানে প্রকাশিত তথ্যে স্ক্রিনশট এরই মধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। কারা গ্রাহকদের এসব তথ্য ফাঁস করেছে, তাদের নাম-পরিচয়, ঠিকানা কিছুই জানা যায়নি। রয়টার্স প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের শুরুতে সম্ভবত এ হামলার ঘটনা ঘটে। বিশেষ করে ইলোন মাস্ক দায়িত্ব গ্রহণের আগে। ডিসেম্বরের প্রথম দিকেও তথ্য ফাঁসের কথা প্রকাশ্যে আসে।