বিশ্বজুড়ে শীর্ষ মোবাইল অপারেটরদের তথ্য প্রকাশ করেছে ওপেনসিগন্যাল। প্রতিষ্ঠানটির গ্লোবাল রাইজিং স্টারস তালিকায় বাংলাদেশের শীর্ষ নেটওয়ার্ক হিসেবে স্বীকৃতি পেয়েছে গ্রামীণফোন। বৈশ্বিকভাবে মোবাইল নেটওয়ার্কের মান নিয়ে কাজ করে ওপেনসিগন্যাল। গ্রাহকদের নেটওয়ার্ক অভিজ্ঞতা নিয়ে স্বতন্ত্রভাবে তথ্যনির্ভর বিশ্লেষণের জন্য সুপরিচিত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠানটি সম্প্রতি এর গ্লোবাল নেটওয়ার্ক এক্সপেরিয়েন্স রিপোর্ট (জিএমএনই) প্রকাশ করেছে। যেখানে ভয়েস অ্যাপ এক্সপেরিয়েন্স শ্রেণীতে বাংলাদেশ থেকে শীর্ষস্থান অর্জন করেছে গ্রামীণফোন।
ওপেনসিগন্যালের তথ্যমতে, গ্রাহকদের ভয়েস অভিজ্ঞতার মানোন্নয়নে গ্রামীণফোন প্রতি বছরই বেশ উন্নতি করেছে। এক্ষেত্রে সর্বোচ্চ মানোন্নয়ন হয়েছে ১২ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে, ডাউনলোড গতিতে এগিয়ে রয়েছে বাংলালিংক। ৭৮ দশমিক ৫ শতাংশ স্কোর নিয়ে ডাউনলোড স্পিড এক্সপেরিয়েন্স শ্রেণীতে বাংলাদেশ থেকে শীর্ষস্থানে রয়েছে বাংলালিংক। এক্ষেত্রে ৭২ দশমিক ১ শতাংশ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে গ্রামীণফোন।
আপলোড স্পিড এক্সপেরিয়েন্স শ্রেণীতে বাংলাদেশের অপারেটরদের স্কোর যথাক্রমে গ্রামীণফোনের ৭২ দশমিক ৩ শতাংশ, রবির ৬০ দশমিক ৩ শতাংশ এবং বাংলালিংকের ৫৯ দশমিক ৫ শতাংশ। ফোরজি বা ফাইভজি শ্রেণীতে মোস্ট পারসেন্টেজ ইমপ্রুভমেন্ট টাইমে বাংলালিংক ৭ দশমিক ৫ শতাংশ স্কোর নিয়ে এগিয়ে রয়েছে।
ওপেনসিগন্যালের প্রতিবেদন বলছে, এখন পর্যন্ত টেলিটকের পরে একমাত্র অপারেটর হিসেবে ফাইভজি সেবার ট্রায়াল পরিচালনা করেছে গ্রামীণফোন। ৭ কোটি ৯১ লাখ গ্রাহক নিয়ে দেশজুড়ে প্রতিষ্ঠানটি ১৯ হাজারের বেশি ফোরজি টাওয়ার দিয়ে সেবা প্রদান করছে। দেশের ৯৯ শতাংশ স্থান গ্রামীণফোনের ফোরজি কাভারেজের আওতাধীন। আর রবির গ্রাহক সংখ্যা ৫ কোটি ৪৪ লাখ। প্রতিষ্ঠানটির ফোরজি সাইট রয়েছে ১৬ হাজারের অধিক। বাংলাদেশের জনসংখ্যার ৯৮ দশমিক ৩ শতাংশ রবির কাভারেজের আওতাধীন। অন্যদিকে বাংলালিংকের গ্রাহক সংখ্যা ৩ কোটি ৯০ লাখ।










