ওয়েস্টার্ন ডিজিটালের সঙ্গে যৌথভাবে উত্তর জাপানের কারখানায় ফ্ল্যাশ মেমোরি চিপ কেন্দ্র স্থাপন করবে কিওক্সিয়া হোল্ডিংস করপোরেশন। সূত্রের তথ্যানুযায়ী, এ কেন্দ্র স্থাপনে ১ লাখ কোটি ইয়েন বা ৮৩০ কোটি ডলার ব্যয় হবে। খবর গ্যাজেটসনাউ।
এক বিবৃতিতে জাপানের চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি জানায়, এপ্রিলের শুরুতে আইওয়াত প্রিফ্যাকচারের কিতাকামি প্লান্টে ভূমিকম্প প্রতিরোধে নতুন কেন্দ্রটি স্থাপন করা হবে। ২০২৩ সাল নাগাদ কেন্দ্রটির নির্মাণকাজ সম্পন্ন হবে বলেও আশা করা হয়। কেন্দ্র স্থাপনে কী পরিমাণ বিনিয়োগ করা হচ্ছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। পাশাপাশি প্রতিষ্ঠানের মুখপাত্রও কোনো মন্তব্য করেননি।
বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র রয়টার্সকে জানায়, যৌথ উদ্যোগে নির্মাণ হতে যাওয়া কেন্দ্র তৈরিতে ১ লাখ কোটি ইয়েন ব্যয় হতে পারে। পাশাপাশি দুটি প্রতিষ্ঠান বিনিয়োগের অনুপাত ও উদ্যোগের বিবরণ নিয়ে আলোচনায় বসতে পারে।









