ব্যবহারকারীদের জন্য সোয়াপ ফিচার আনবে মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার। রিকমেন্ডেড টুইট, ফলোড টুইট, ট্রেন্ড আর টপিকের মতো ভিন্ন ভিন্ন শ্রেণীভুক্ত পোস্টগুলো সোয়াপ করার মাধ্যমে দেখা যাবে। খবর সিএনবিসিটিভি১৮।

চলতি মাস থেকেই নতুন নেভিগেশন ফিচারটি চালু হবে বলে জানিয়েছিলেন টুইটার প্রধান ইলোন মাস্ক। ২০২২ সালের ডিসেম্বরে ফিচারটি সম্পর্কে প্রথম ইঙ্গিত দিয়েছিলেন তিনি। সে সময় মাস্ক জানান, মূল টাইমলাইনে আপনি যে টপ, লেটেস্ট, ট্রেন্ডিং ও টপিক ফলো করেন, তা সহজে সোয়াপ করে দেখার সুযোগ থাকা উচিত।

ব্যবহারকারীর জন্য এরই মধ্যে টাইমলাইন স্ক্রল করে দেখার ফিচার চালু আছে টুইটারে। এখানে ক্রমানুসারে টুইট দেখা যায়। আর হোম টাইমলাইনে স্ক্রিনের ওপরের ডান কোণে থাকা স্টার আইকন চাপলে রিকমেন্ডেড বিষয়ের টুইট দেখা যাবে।

নতুন নেভিগেশন ফিচারের সুবাদে ভিউ বাড়বে প্লাটফর্মের; ব্যবহারকারীদের জন্যও ফিচারটি তুলনামূলক সুবিধাজনক হবে। মাস্কের অধীনে যাওয়ার পর টুইটারে যে আপডেটগুলো এসেছে, তার মধ্যে নতুন নেভিগেশন ফিচারটি সম্ভবত সবচেয়ে তাত্পর্যপূর্ণ বলে জানিয়েছেন বিশ্লেষকরা। তবে এতে ব্যবহারকারীদের অভ্যস্ত হতে কিছুটা সময় লাগতে পারে। ফিচারটি কবে নাগাদ কার্যকর হবে সে বিষয়ে এখনো প্লাটফর্মের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।