সাম্প্রতিক মাসগুলোতে র‌্যানসমওয়্যার হামলায় মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সরকারি ও বেসরকারি খাত। গত মে মাসের এক র‌্যানসমওয়্যার আক্রমণে বড় ধাক্কা খেয়েছিল যুক্তরাষ্ট্রের পূর্বতীরের জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা। থমকে গিয়েছিল ওই অঞ্চলের ৪৫ শতাংশ জ্বালানি তেলের সরবরাহকারী কলোনিয়াল পাইপলাইন। ওই হ্যাকিংয়ের ঘটনায় যারা নেতৃত্ব দিয়েছিল, তাদের অবস্থান বা পরিচয় জানাতে পারলে এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর দ্য ভার্জ।

কলোনিয়াল পাইপলাইন হ্যাক করেছিল ‘ডার্কসাইড’ নামে হ্যাকারদের একটি দল। ওই দলটির সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা ডার্কসাইডের র‌্যানসমওয়্যার আক্রমণের মতো একই ধরনের কোনো সাইবার আক্রমণের পরিকল্পনা করছেন বা আক্রমণে অংশ নিচ্ছে এমন কোনো ব্যক্তির তথ্য দিতে পারলে পররাষ্ট্র মন্ত্রণালয় আরো ৫০ লাখ ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, বড় অংকের পুরস্কার ঘোষণার পেছনের মূল কারণ হচ্ছে হ্যাকার দলগুলোর কাজের ধরন। এ দলগুলো ‘ইউজার নেম’ পাল্টানোর মতো খুব দ্রুত নিজের ও দলের পরিচয় পাল্টে ফেলতে পারে। তবে কাজের ধরন আর ব্যবহূত সফটওয়্যারের সূত্র ধরে তাদের অনেক সময়েই চিহ্নিত করা যায়।

কলোনিয়াল পাইপলাইনে আক্রমণের পর থেকে কোনো সাড়া নেই ডার্কসাইডের। আক্রমণের ‘সামাজিক প্রভাব’ নিয়ে পরবর্তী সময়ে ক্ষমা চেয়েছিল হ্যাকারদের দলটি। তবে মার্কিন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, সম্ভবত ব্ল্যাকম্যাটার নামের নতুন দল খুলে হ্যাকিং কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ডার্কসাইডের সদস্যরা।