সিলিকন ভ্যালির প্রযুক্তি জায়ান্টগুলোর প্রধানদের জন্য কয়েক দশক বেশ ভালোই ছিল। মার্ক জাকারবার্গ, জেফ বেজোস, ইলোন মাস্কসহ বেশ কয়েকজন উদ্যোক্তা আচমকাই সাফল্যের দেখা পেয়েছেন।

২০২০ ও ২০২১ সালে নভেল করোনাভাইরাসের প্রকোপে তছনছ হয়ে যায় বিশ্ব অর্থনীতির কাঠামো। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে। অর্থনৈতিক পুনরুদ্ধার ও সক্ষমতা যাচাইয়ের পরীক্ষা দিতে হয়েছে এসব প্রতিষ্ঠান প্রধানদের। ২০২২ সালে পরিস্থিতি কিছুটা বদলালেও খুব একটা সুবিধা করতে পারেনি কেউই।

মার্ক জাকারবার্গের মেটা ও জেফ বেজোসের অ্যামাজন হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে বলে জানা গেছে। টেসলা প্রধান ইলোন মাস্ক, যাকে অত্যন্ত জিনিয়াস সিইও হিসেবে অভিহিত করা হতো। প্রযুক্তি খাতের প্রধানদের জন্য তাই ২০২২ কে দুঃস্বপ্নময় বছরের তকমা দেয়াই যায়। দ্য গার্ডিয়ান প্রকাশিত প্রতিবেদনে প্রযুক্তি জায়ান্ট প্রধানদের কার্যক্রম ও প্রভাব কেমন ছিল তার ওপর ভিত্তি করে নম্বর দেয়া হয়েছে।

মার্ক জাকারবার্গ

একসময়ের বিস্ময় বালক মার্ক জাকারবার্গ। ২০২১ সালের শেষের দিকে প্রতিষ্ঠানের নতুন নাম দেন মেটা। কল্পিত গুগলনির্ভর মেটাভার্সের জগতে প্রবেশ করার লক্ষ্যে এগিয়েছিলেন। তবে বছর পেরোতেই মেটার ভাগ্যে ধস নামে। ফেব্রুয়ারিতে জাকারবার্গের ভুল সিদ্ধান্তে কোম্পানির স্টক মূল্য একদিনে ২৩ হাজার কোটি ডলার কমে যায়। নয় মাস পর ভুল বুঝতে পেরে দায় স্বীকার করেছেন তিনি। তবে ভুলের খেসারত দেয়ার জন্য প্রতিষ্ঠান থেকে বরখাস্ত করতে হয়েছে ১১ হাজার কর্মী। তাই ১০-এর মধ্যে জাকারবার্গের প্রাপ্তি মাত্র ৬।

জেফ বেজোস

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এসেছে জেফ বেজোস অ্যামাজন থেকে ১০ হাজার কর্মী ছাঁটাই করেছেন। সিএনএকে দেয়া এক সাক্ষাত্কারে জানিয়েছেন জীবিত থাকা অবস্থায় তিনি সম্পদের সিংহভাগ দান করে যাবেন। দাতব্য কাজে ব্যয়ের জন্য তিনি মডেল ডলি পার্টনকে ১০ কোটি ডলার দিয়েছিলেন। এটি বেজোসের ভালো মানসিকতার পরিচয় হলেও ব্যবসা জগতে তেমন প্রভাব ফেলেনি। মহাকাশ ভ্রমণ করে নিজেকে অনন্য উচ্চতায় নেয়ার চেষ্টা করেছিলেন। তবে তার সফরসঙ্গীরা প্রশংসার বদলে বদনামই করেছেন। সব মিলিয়ে তার প্রাপ্তি মাত্র ৪।

ইলোন মাস্ক

বিশ্বসেরা ধনকুবের টেসলা প্রধান ইলোন মাস্ক। এপ্রিলে তিনি কর্ম ও পরিণতির হিসাবনিকাশ না করেই শেয়ারপ্রতি ৫৪ দশমিক ২০ ডলারে টুইটার কেনার প্রস্তাব দেন, যা ছিল হাস্যকর। এটা মাস্কের সবচেয়ে বড় ভুল ছিল। টুইটার অধিগ্রহণের পর এমন সব সিদ্ধান্ত নিয়েছেন, যা প্রতিষ্ঠানের বাজারমূল্য অনেকটাই কমিয়ে দিয়েছে। এছাড়া ব্যবহারকারীরা প্লাটফর্ম ত্যাগ করতে বাধ্য হয়েছে। এসব কারণে ২০২২ সালে খারাপ প্রধান নির্বাহীর তালিকায় জায়গা করে নিয়েছেন ইলোন মাস্ক। এত কিছুর পরও তার প্রাপ্তি ৭ পয়েন্ট।

স্যাম ব্যাঙ্কম্যান-ফ্রাইড

২০২২ সালের মধ্যে সবচেয়ে বাজে অবস্থানে রয়েছেন স্যাম ব্যাঙ্কম্যান-ফ্রাইড। ভুল শব্দটির প্রতিশব্দ স্যাম ব্যাঙ্কম্যান-ফ্রাইড। যিনি ২০২২ সালের শেষের দিকে শিরোপা দখলের জন্য শেষ চেষ্টা করেছিলেন। তার ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ এফটিএক্স কয়েক মাস আগেও বিশ্বের শীর্ষে ছিল। কিন্তু নভেম্বরে কোম্পানিটি ধসের মুখে পড়ে। গ্রেফতার হন ব্যাঙ্কম্যান-ফ্রাইড। একজন প্রসিকিউটর তাকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় অর্থ প্রতারকের একজন বলে অভিযুক্ত করেছিলেন। খারাপ সিইও হিসেবে তিনি পেয়েছেন ১০-এ ১০!

পরাগ আগারওয়াল

২০২১ সালের নভেম্বর থেকে টুইটারের সিইও হিসেবে দায়িত্ব পালন করেন পরাগ আগারওয়াল। চলতি বছরের শুরুতে ক্যারিয়ারে বেশ উজ্জ্বলও ছিলেন। তবে ইলোন মাস্ক মাইক্রোব্লগিং প্লাটফর্মটি অধিগ্রহণ করলে ভাগ্য তার সঙ্গ দেয়নি। শুরুতে সম্পর্ক ভালো থাকলেও এক সময়ে তা বাজে হয়ে যায়। টুইটারের বট সমস্যা নিয়ে অনুসন্ধান করতে চাইলে আগারওয়াল পরিপূর্ণ পেশাদারত্বের পরিচয় দিয়ে মাস্কের পরিকল্পনাটির নেতিবাচক সমালোচনা করেন। অক্টোবরে টুইটার কেনার পর অবিলম্বেই আগারওয়ালকে বরখাস্ত করা হয়। তার প্রাপ্তি ৭।

এলিজাবেথ হোমস

মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা এলিজাবেথ হোমস। ২০০৩ সালে স্বাস্থ্য সেবাসংশ্লিষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠান থেরানস প্রতিষ্ঠা করেছিলেন। আমেরিকান বেসরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানটি দারুণ সাড়া ফেলেছিল। তবে ২০২২ সালে থেরানসের চূড়ান্ত দুর্যোগ নেমে আসে। হোমস চলতি বছর রক্ত পরীক্ষার এক অনন্য পদ্ধতি চালুতে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে দোষী সাব্যস্ত হন। অসংখ্য মানুষের সমর্থন সত্ত্বেও ২০২২ সালটা হোমস শেষ করেছেন ১১ বছরের কারাদণ্ডের রায় নিয়ে। বছরটা হোমসের জন্য সবচেয়ে দুঃস্বপ্নেরই বটে। তার প্রাপ্তি ১০-এ ১০।