আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ বা ইউএফসিকে বাণিজ্যিক অংশীদার ঘোষণা করেছে জনপ্রিয় সেলফোন কোম্পানি ওয়ানপ্লাস। উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের বাজারে ওয়ানপ্লাস নর্ড এন২০ ফাইভজি মডেলের ফোনটির উন্মোচন আরো আকর্ষণীয় করে তোলা। এ পদক্ষেপের মাধ্যমে উত্তর আমেরিকায় ওয়ানপ্লাসের অবস্থান অনেক বেশি মজবুত হবে বলে ধারণা করা হচ্ছে। খবর গিজমোচায়না।
চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রে যাত্রা শুরুর পর নর্ড এন২০ ফাইভজি ফোনটি ফাইভজি সেবাসংবলিত সবচেয়ে সাশ্রয়ী ফোন হিসেবে বাজারে জায়গা করে নিয়েছে। স্মার্টফোনপ্রেমীরা ৩০০ ডলারেরও কম দামেই পাচ্ছেন এ ফোন।
সংশ্লিষ্টরা মনে করছেন, উত্তর আমেরিকায় ফাইভজি সেবাকে অনেক বেশি সাশ্রয়ী ও সহজলভ্য করে তুলতে সহায়তা করবে ইউএফসির সঙ্গে নতুন এ বাণিজ্যিক অংশীদারিত্ব।
দুর্ভাগ্যবশত ফোনটি যুক্তরাষ্ট্রের বাজারে টি-মোবাইল ও টি-মোবাইলের মেট্রোর মাধ্যমেই পাওয়া যাচ্ছে। এ কারণে ফোনটির গ্রাহক সংখ্যা সীমিত। তবে ইউএফসির সঙ্গে নতুন বাণিজ্যিক অংশীদারিত্ব মার্কিনদের কাছে ব্র্যান্ডটিকে জনপ্রিয় করে তুলতে সহায়তা করবে। বাড়বে নর্ড এন২০ ফাইভজি মডেলের বিক্রিও। ফলে চীনা হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠানটির জন্য মার্কিন আরো অনেক কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব স্থাপনের সম্ভাবনা তৈরি হবে।










