টেলিকমিউনিকেশন কোম্পানির এয়ারটাইম ব্যবহারের মাধ্যমে ভিডিও গেম ও অ্যাপের অভ্যন্তরে কেনাকাটায় লেনদেন বন্ধ করে দিয়েছে পাকিস্তান। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্ষতিগ্রস্ত হওয়ার সবশেষ লক্ষণ এটি। খবর বিজনেস স্ট্যান্ডার্ড ইন্ডিয়া।

এক বিবৃতিতে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক জানায়, ফোন কোম্পানিগুলোকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিষেবার জন্য অর্থ ব্যয়ের অনুমতি দেয়া হয়েছিল। কিন্তু টেলিকম পরিষেবা প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের লেনদেন সম্পন্নের অনুমতি দেয়ার মাধ্যমে সে নিয়ম ভঙ্গ করে আসছিল। এ পরিপ্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থা অর্থ আদান-প্রদান বন্ধ করে দিয়েছে এবং অপারেটরদের পুনরায় আবেদন করার নির্দেশনা দিয়েছে।

অন্যদিকে পাকিস্তানজুড়ে দেশটির সদ্য বিদায়ী সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ও তার পরিবারের বিরুদ্ধে অধিবাসীরা ক্ষুব্ধ। তাদের অভিযোগ ছয় বছর ধরে বিভ্রান্তিকর মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে তারা শাসন করেছে এবং বিপুল সম্পত্তির মালিক হয়েছে। তবে সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনী এ অভিযোগ নাকোচ করে দিয়েছে।

অন্যদিকে সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে আক্রমণাত্মক ও অপমানজনক শব্দ ব্যবহারের কারণে ইমরান খানের এক সিনেটরকে গ্রেফতার করেছে প্রশাসন। আজম সোয়াতি পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের অনুসারী। গ্রেফতারের পর তাকে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) জিম্মায় পাঠানো হয়েছে। টুইটারে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে কথা বলার কারণে দুই মাসের মধ্যে তাকে দুবার আটক করা হলো।