চীনে নতুন সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্লান্ট (ফ্যাব) স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে হুয়াওয়ে। সাংহাইভিত্তিক সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল করপোরেশনের (এসএমআইসি) সঙ্গে যৌথ উদ্যোগে এটি স্থাপন করা হবে। এতে কয়েক হাজার কোটি ডলার ব্যয় হতে পারে। খবর গিজমোচায়না।
চীনের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, স্মার্টফোন ও টেলিকমিউনিকেশনস জায়ান্ট হুয়াওয়ে শেনজেনে নতুন ফ্যাব স্থাপন করবে। হুয়াওয়ে তাদের নিজস্ব চিপ উৎপাদনের ক্ষেত্রে এসএমআইসির ডিজাইনিং ক্ষমতা ও দক্ষতা ব্যবহার করবে। পাশাপাশি ব্র্যান্ডটি অর্থায়নের মাধ্যমে তাদের সেমিকন্ডাক্টর উৎপাদন সক্ষমতা বাড়াতে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) সরবরাহ চেইন ব্যবহারের আবেদনও জানিয়েছে।
হুয়াওয়ে সেন্ট্রাল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি হুয়াওয়ে মূল ভূখণ্ড চীনে একটি ফ্যাব তৈরিতে সহায়তার জন্য টিএসএমসির কাছে গিয়েছিল। বর্তমানে হুয়াওয়ের প্রধান লক্ষ্য হচ্ছে চিপের অধিক উৎপাদনের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সম্পদের সন্ধান লাভ। সেজন্য হুয়াওয়ে টিএসএমসি জোটভুক্তদের সঙ্গে যোগাযোগ করেছে। ফলে প্রতিষ্ঠানটির সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্লান্ট (ফ্যাব) স্থাপনের সময় কমিয়ে আনার পাশাপাশি দ্রুত অধিক উৎপাদনে প্রবেশের সুবিধা দেবে বলে জানান সংশ্লিষ্টরা।
অন্যদিকে কোম্পানিটি তার সেমিকন্ডাক্টর উৎপাদন পরিকল্পনার প্রচারে অংশীদারের খোঁজ করছে বলে জানা গেছে। এ প্রকল্পের বিনিয়োগের পরিমাণ এখনো অজানা।










