চিপ বা সেমিকন্ডাক্টর উৎপাদনে এশিয়ার সঙ্গে বিদ্যমান দূরত্ব কমাতে আইনপ্রণেতাদের কাছে ৫ হাজার ২০০ কোটি ডলারের তহবিল গঠনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের উৎপাদনকারীরা। খবর ফ্রিমালয়েশিয়াটুডে।
ওয়াশিংটনে বাণিজ্য, বিজ্ঞান ও পরিবহনসংক্রান্ত সিনেট কমিটির সামনে সাক্ষ্য দেয়ার সময় ইন্টেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্যাট গেলসিঙ্গার ও মেমোরি চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান মাইক্রন টেকনোলজির প্রধান নির্বাহী (সিইও) সঞ্জয় মেহরোত্রা এ কথা জানান। চিপ উৎপাদনে ব্যবহূত যন্ত্রাংশ সরবরাহ প্রতিষ্ঠান ল্যাম রিসার্চের টিম আর্চার ও ট্রাক উৎপাদনকারী প্রতিষ্ঠান প্যাকারের প্রেসটন ফেইটও ব্যক্তিগতভাবে যোগ দিয়েছিলেন।
প্রতিষ্ঠানগুলোর নির্বাহী কর্মকর্তারা চীন, তাইওয়ান, দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার দেশগুলোয় স্থানীয় সরকার কীভাবে ভর্তুকি দেয়ার মাধ্যমে সেমিকন্ডাক্টর উৎপাদনের অন্যতম স্থান হিসেবে গড়ে তুলেছে সে বিষয়টি উপস্থাপন করেন। বর্তমানে এশিয়া অঞ্চলে বিশ্বের মোট সেমিকন্ডাক্টরের ৮০ শতাংশ তৈরি হয়।
মেহরোত্রা বলেন, চীন তাদের সেমিকন্ডাক্টর খাতে আরো ১০ হাজার কোটি ডলারের বেশি বিনিয়োগ করতে যাচ্ছে। আর তাই চিপ উৎপাদন খাতের নীতিমালায় পরিবর্তন আনার পাশাপাশি বিনিয়োগের বিষয়ে যুক্তরাষ্ট্রকে এখনই ভাবতে হবে। অন্যান্য দেশও এ খাতে এগিয়ে যাচ্ছে। তাই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে আমাদের এগিয়ে যেতে হবে।
অন্যদিকে প্রযুক্তি খাতে চীনের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং যুক্তরাষ্ট্রকে এগিয়ে নিতে সিনেট ও অন্যান্য রাজনৈতিক দল আইন প্রণয়ন করেছে। দুটি উদ্যোগেই সেমিকন্ডাক্টর উৎপাদন ও গবেষণার সঙ্গে সম্পৃক্ত তথাকথিত চিপ আইন জড়িত। চিপ উৎপাদনসংক্রান্ত নীতিমালায় দ্বিদলীয় অনুমোদন রয়েছে। পাশাপাশি খাতসংশ্লিষ্টরা ও বাইডেন প্রশাসন তহবিল প্রণয়নে কাজ করে যাচ্ছে। তবে সিনেট ও হাউজ আইনের অন্যান্য বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি।
সম্প্রতি অনুষ্ঠেয় শুনানিতে সিনেটররা চিপ আইনে দ্রুত তহবিল যুক্ত করার পক্ষে মত দেন। তবে ফ্লোরিডার রিপাবলিকান পার্টির রিক স্কট চীনে ব্যবসা সম্প্রসারণের বিষয়েও ইন্টেলের সিইওর তুমুল সমালোচনা করেন। পাশাপাশি সেমিকন্ডাক্টর উৎপাদন খাতের বিনিয়োগ থেকে কীভাবে আর্থিক মুনাফা পাওয়া যাবে সে প্রশ্ন উত্থাপন করেন।
গেলসিঙ্গার বলেন, সেমিকন্ডাক্টর বাজারের শীর্ষে উঠতে হলে সবচেয়ে বড় বাজারে যুক্ত থাকতে হবে। বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠানে পরিণত হতে হলে আমাদের চীনের বাজারে থাকতে হবে। এমনকি আমাদের বুদ্ধিবৃত্তিক সম্পত্তি ও শীর্ষস্থান রক্ষার বিষয়ে সতর্ক থাকা অবস্থায়ও।
ইন্টেলের মোট আয়ের সবচেয়ে বড় অংশ চীন থেকে আসে। ২০২১ অর্থবছরে এ অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি ২ হাজার ১১০ কোটি ডলার আয় করেছে। আগের বছরের তুলনায় যা ৪ দশমিক ৪ শতাংশ বেশি। চিপ উৎপাদনে তহবিল গঠনের বিষয়টিকে চীনের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার প্রধান কারণ হিসেবে উল্লেখ করলেও মাইক্রনের প্রধান মেহরোত্রা একই সঙ্গে বাজারে অংশগ্রহণের বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের চিপ উৎপাদন খাতের বিকাশে বেশকিছু পরিকল্পনা গ্রহণ করেছে ইন্টেল। এর মধ্যে অ্যারিজোনা ক্যাম্পাসের পরিধি বাড়াতে ২ হাজার কোটি ডলার বিনিয়োগ এবং ওহিওতে নতুন দুটি কারখানা স্থাপনে আরো ২ হাজার কোটি ডলারের বেশি বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি।
ফেব্রুয়ারিতে সেমিকন্ডাক্টর উৎপাদনকারী প্রতিষ্ঠানটি জানিয়েছিল, স্বয়ংক্রিয় চিপ উৎপাদন সক্ষমতা বাড়াতে প্রতিষ্ঠানটি ৫৪০ কোটি ডলারে ইসরায়েলের টাওয়ার সেমিকন্ডাক্টর অধিগ্রহণ করবে।









