নতুন ম্যাকবুক, আইওএস ১৬-তে নতুন কিছু ফিচার, মেসেজ ও পেমেন্টে নিরাপত্তা বৃদ্ধিসহ বেশকিছু নতুন পণ্য ও পরিষেবা আনতে যাচ্ছে অ্যাপল। ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি) সেসব পণ্য ও পরিষেবার ঘোষণা দিয়েছে ক্যালিফোর্নিয়ার কুপারটিনোভিত্তিক কোম্পানিটি। খবর ওয়াশিংটন পোস্ট ও দ্য ভার্জ।

ডব্লিউডব্লিউডিসি সম্মেলনে হার্ডওয়্যারের ওপর গুরুত্ব না দিয়ে সাধারণত আইফোন, আইপ্যাড, কম্পিউটার ও স্মার্টওয়াচের সফটওয়্যার আপডেটের তথ্য থাকত। তবে এবার এম২ চিপসহ ১৩ ইঞ্চি ম্যাকবুক প্রোসহ আইওএস ১৬ আপডেটের ঘোষণা দিয়েছে অ্যাপল।

এম১ চিপের মতোই নিজস্ব এআরএম সিলিকন নকশার ভিত্তিতে নতুন এম২ চিপ বানিয়েছে অ্যাপল। ৫ ন্যানোমিটার প্রযুক্তিতে নির্মিত চিপটিতে ট্রানজিস্টরের সংখ্যা ২ হাজার কোটি, যা এম১ চিপের প্রথম সংস্করণের তুলনায় ২৫ শতাংশ বেশি। বাড়তি ট্রানজিস্টরের কারণে ডিভাইস পারফরম্যান্স আরো ভালো হবে। এম১ চিপের প্রথম সংস্করণের তুলনায় এম২ চিপের সিপিইউর গতি ১৮ শতাংশ এবং জিপিইউর গতি ৩৫ শতাংশ বেশি হবে বলে দাবি করেছে অ্যাপল। বাজারের সর্বশেষ ১০-কোরের ল্যাপটপ চিপের তুলনায় ১ দশমিক ৯ শতাংশ দ্রুতগতির হবে এম২-এর পারফরম্যান্স। এম১-এর চেয়েও ভালো পারফরম্যান্স পেতে এম২ চিপে অ্যাপল নতুন পারফরম্যান্স ও এফিশিয়েন্সি কোর ব্যবহার করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চিপটির মেমোরি ব্যান্ডউইডথ ১০০ জিবিপিএস এবং ধারণক্ষমতা ২৪ গিগাবাইট, যা এম১ চিপের তুলনায় দ্বিগুণ।

জিপিইউর বিবেচনায়ও এম২ চিপে বড় অগ্রগতি এনেছে অ্যাপল। ১০ কোরের জিপিইউ আছে এম২ চিপে, যা এম১-এর তুলনায় দুটি বেশি। মেমোরি ব্যান্ডউইডথ ও ক্যাশ মেমোরি আরো বড় হওয়ায় গ্রাফিকস পারফরম্যান্স আরো উন্নত হবে। আর প্রথম ডিভাইস হিসেবে এম২ চিপ পাচ্ছে অ্যাপলের জনপ্রিয় ল্যাপটপ মডেল, ম্যাকবুক এয়ার। নতুন চিপের পাশাপাশি ডব্লিউডব্লিউডিসিতে নতুন ম্যাকবুক এয়ারও দেখিয়েছে অ্যাপল। বাহ্যিক নকশার বিবেচনায় লক্ষণীয় পরিবর্তন এসেছে নতুন ম্যাকবুক এয়ারে।

ম্যাগসেইফ চার্জিং সুবিধা আছে নতুন ম্যাকবুক এয়ারে। আরো আছে দুটি থান্ডারবোল্ট ৪ পোর্ট ও হেডফোন জ্যাক। ১১ মিলিমিটার পুরু নতুন ম্যাকবুক এয়ারের ওজন মাত্র ২ দশমিক ৭ পাউন্ড বা প্রায় ১ কেজি ২২৫ গ্রাম। সিলভার, স্পেস গ্রে, স্টারলাইট গোল্ড ও মিডনাইট ব্লু—এ চার রঙে বাজারে কিনতে পাওয়া যাবে ডিভাইসটি। আর ম্যাগসেইফ কেবলগুলো পাওয়া যাবে ল্যাপটপের রঙের সঙ্গে মিলিয়ে।

জুলাই থেকে বাজারে কিনতে পাওয়া যাবে নতুন ম্যাকবুক এয়ার, দাম শুরু হবে ১ হাজার ১৯৯ ডলার থেকে। তবে এবার প্রি-অর্ডার নিচ্ছে না অ্যাপল। ম্যাকবুক এয়ার ২০২২-এর সবচেয়ে কম খরচের সংস্করণটিতে থাকবে এম২ চিপ, আট কোরের জিপিইউ, আট গিগাবাইট র‌্যাম ও ২৫৬ গিগাবাইট স্টোরেজ। আরো শক্তিশালী ম্যাকবুক এয়ার চাইলে ডিভাইসটির ১ হাজার ৪৯৯ ডলার সংস্করণটি কিনতে পারেন আগ্রহী ক্রেতা। এ সংস্করণে থাকবে ১০ কোরের জিপিইউ, ৮ গিগাবাইট র‌্যাম ও ৫১২ গিগাবাইট স্টোরেজ। উভয় সংস্করণই সর্বোচ্চ ২৪ জিবি র‌্যাম ও ২ টেরাবাইট স্টোরেজ পর্যন্ত সমর্থন দিতে পারবে।

লকস্ক্রিনে সবচেয়ে বড় একটি আপডেট এনেছে বলে দাবি অ্যাপল নির্বাহী ক্রেইগ ফেদেরিগির। বিভিন্ন অ্যাপের নোটিফিকেশন এখন থেকে স্ক্রিনের নিচের অংশে পাওয়া যাবে। মেসেজের ক্ষেত্রে বড় আপডেট এনেছে তারা। পাঠানো মেসেজ পুরো সম্পাদনার পাশাপাশি সম্পূর্ণ মেসেজ ইচ্ছে করলে মুছে দেয়া যাবে। অ্যানালগ ওয়ালেট থেকে ডিজিটাল ওয়ালেটে রূপান্তর ত্বরান্বিত করতে আইওএস ১৬-তে বেশকিছু আপডেট আসবে বলে জানা গেছে। সুদমুক্ত ‘এখন কিনে পড়ে টাকা দিন’ ব্যবস্থা থাকবে সেখানে।