অর্থনৈতিক দুর্দশা, মুদ্রাস্ফীতিসহ নানা কারণে বিশ্বের বিভিন্ন প্রযুক্তি জায়ান্ট কর্মী সংখ্যা কমাচ্ছে। সর্বশেষ এ তালিকায় যুক্ত হলো কম্পিউটার উৎপাদনকারী প্রতিষ্ঠান এইচপি। আগামী তিন বছরে ছয় হাজার কর্মীকে অব্যাহতি দেয়ার পরিকল্পনা করেছে। খবর এনগ্যাজেট।
সম্প্রতি চতুর্থ প্রান্তিকের আয় প্রতিবেদন প্রকাশের সময় এক ঘোষণায় এইচপি এ কথা জানায়। বড় পরিসরে প্রাতিষ্ঠানিক কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির ধারণা, তাদের ফিউচার রেডি ট্রান্সফরমেশন পরিকল্পনার মাধ্যমে ২০২৫ অর্থবছরের শেষে ১৪০ কোটি ডলার সাশ্রয় হবে, যার অংশ হিসেবে অন্তত চার হাজার কর্মীকে অব্যাহতি দেয়া হবে।
এক বিবৃতিতে এইচপি জানায়, প্রতিষ্ঠানটি তাদের মোট কর্মী থেকে চার-ছয় হাজার কমানোর ব্যাপারে কাজ করছে। ২০২৫ অর্থবছরের শেষ নাগাদ এটি সম্পন্ন হবে বলে ধারণা করছেন বিশ্লেষক ও সংশ্লিষ্টরা। বিশ্বে এইচপির ৫১ হাজারের বেশি কর্মী রয়েছে। প্রতিষ্ঠানটি সর্বশেষ প্রান্তিকে বছরওয়ারি মুনাফায় ১১ শতাংশ লোকসান গুনেছে, যার পরিমাণ ১ হাজার ৪৮০ কোটি ডলার।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এনরিক লরেস এর জন্য অর্থনীতির দুরবস্থার পাশাপাশি প্রতিষ্ঠানটির কম্পিউটার ও প্রিন্টারের চাহিদা কমে যাওয়ার বিষয়কে দায়ী করেছেন। সম্প্রতি দেয়া ঘোষণার পরিপ্রেক্ষিতে লরেস জানান, এইচপি কাঠামো পুনর্গঠনের যে পরিকল্পনা করতে যাচ্ছে তা গ্রাহকদের আরো উন্নত সেবা দেবে। পাশাপাশি খরচ কমিয়ে প্রতিষ্ঠানের পণ্যের দীর্ঘমেয়াদি অবস্থান তৈরি করবে।










