চলতি বছরে বৈশ্বিক ক্যামেরা ইমেজেস সেন্সর (সিআইএস) বিক্রি থেকে আয় ৭ শতাংশ সম্প্রসারণ হয়ে দাঁড়াবে ২ হাজার ১৯০ কোটি ডলার। স্মার্টফোন, গাড়ি, শিল্প ও অন্যান্য অ্যাপ্লিকেশনে সিআইএসের চাহিদা বৃদ্ধিতে এ খাতে আয় বাড়বে। কাউন্টারপয়েন্ট রিসার্চের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ক্যামেরা সাপ্লাই চেইন রিসার্চ প্রতিবেদনে দেখা গেছে, সিআইএস থেকে মোট আয়ের ৭১ দশমিক ৪ শতাংশের প্রতিনিধিত্ব করবে সেলফোন। সিআইএস বিক্রি থেকে আয়ের ৭৭ শতাংশ যাবে তিনটি শীর্ষ ভেন্ডরের ঘরে।
সিআইএসের বিভিন্ন সেগমেন্ট থেকে কেমন আয় আসবে, এ বিষয়ে কাউন্টারপয়েন্ট রিসার্চের সহযোগী পরিচালক ইথান ক্বি বলেন, সিআইএসের বড় অংশ শেয়ার থাকবে সেলফোন সেগমেন্টের। চলতি বছরে এ সেগমেন্টে আয়ের ৭১ দশমিক ৪ শতাংশ আসবে সেলফোন থেকে। তার পরই অটোমোবাইল ও নজরদারি সেগমেন্টের অংশগ্রহণ থাকবে যথাক্রমে ৮ দশমিক ৬ ও ৫ দশমিক ৬ শতাংশ।
ক্বি আরো বলেন, বৈশ্বিক স্মার্টফোন বিক্রি বৃদ্ধি এবং ইমেজ সেন্সর আরো আপগ্রেড বিশেষত ক্যামেরা রেজল্যুশনে মনোযোগ বৃদ্ধিতে সেলফোন সেগমেন্টের আয় বাড়বে। এছাড়া স্বচালিত গাড়িতে মনোযোগ বৃদ্ধিতেও ভিউ ও সেন্সিং ক্যামেরা যুক্ত হচ্ছে। এতে সামনের দিনগুলোয় গাড়ির সিআইএস বিক্রি থেকে আয় বাড়বে। কভিড-১৯-এর দীর্ঘমেয়াদি প্রভাব হিসেবে শারীরিক দূরত্ব নিউ নরমালে পরিণত হওয়ায় নজরদারি সেগমেন্টে এক অংকের প্রবৃদ্ধিই থাকবে।
ভেন্ডরদের দৃষ্টিকোণ থেকে দেখলে ২০২২ সালে ৩৯ দশমিক ১ শতাংশ আয়ের প্রতিনিধিত্ব করবে সনি। তার পরই স্যামসাং ও অমনিভিশনের অংশগ্রহণ থাকবে যথাক্রমে ২৪ দশমিক ৯ ও ১২ দশমিক ৯ শতাংশ।
বৃহত্তম ইমেজ ও টিওএফ সেন্সর সরবরাহকারী হিসেবে সিআইএস গ্রাহক ভিত্তি সম্প্রসারণ করছে সনি। ক্যামেরার পিক্সেল সাইজ বাড়ানোর মাধ্যমে মোবাইল ফটোগ্রাফিকে প্রো-লেভেল ডিএসএলআর মানে নিয়ে যাচ্ছে জাপানের টোকিওভিত্তিক কোম্পানিটি। ২০২২ সালে সিআইএস থেকে সনির আয় আগের বছরের চেয়ে ৩ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস কাউন্টারপয়েন্ট রিসার্চের।
এদিকে সিআইএস বাজারে সনি ও স্যামসাংয়ের ফারাক আরো কমে আসবে। সাশ্রয়ী কিন্তু উচ্চ রেজল্যুশনের সেন্সর সরবরাহের মাধ্যমে সাম্প্রতিক বছরগুলোয় আস্থার জায়গা নিয়েছে স্যামসাং। মাঝারি ও উচ্চমূল্যের স্মার্টফোনের জন্য সাশ্রয়ী ও সুপার-হাই রেজল্যুশনের ইমেজ সেন্সর তৈরি এবং আগ্রাসী উৎপাদন সক্ষমতা রয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক কোম্পানিটির।
২০২২ সালে অমনিভিশনের আয়েও বড় উল্লম্ফন দেখা যাবে। প্রডাক্ট পোর্টফোলিওতে বৈচিত্র্য আনার পাশাপাশি স্মার্টফোনের জন্য সুপার হাই রেজল্যুশনের সেন্সর তৈরির সক্ষমতা রয়েছে অমনিভিশনের। এছাড়া গাড়ি, নজরদারি ও শিল্প সেগমেন্টের ক্যামেরার চাহিদা বৃদ্ধিতে তাদের আয় বাড়বে বলে মনে করে কাউন্টারপয়েন্ট রিসার্চ।
আকস্মিক কভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির মতো বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ক্যামেরা উৎপাদন বিঘ্নিত হতে পারে, যা বৈশ্বিক সিআইএস শিল্পের জন্য হুমকি হিসেবে দেখা দেবে। এর বাইরে চলতি বছরে ইমেজ সেন্সর বাজার চাঙ্গা থাকবে বলেই মনে করেন বিশ্লেষকরা।










