ব্রাউজার অ্যাপের জন্য ভিপিএন প্রো পরিষেবা চালু করেছে অপেরা। বর্তমানে অ্যান্ড্রয়েড ভার্সনের ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করা হয়েছে। অপেরা ব্রাউজারে প্রিবিল্ট হিসেবে একটি ফ্রি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) পরিষেবা থাকে। খবর ইটি টেলিকম।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, নতুন ফিচারের মাধ্যমে অপেরাই একমাত্র ব্রাউজারে পরিণত হলো, যার নিজস্ব ফ্রি আনলিমিটেড অ্যাকসেসর ভিপিএন ও ডিভাইসকেন্দ্রিক ভিপিএন প্রো সেবা রয়েছে, যা ব্যবহারকারীদের আলাদা ডাটা প্রটেকশন ও অনলাইনে শক্তিশালী নিরাপত্তা দেয়। উল্লেখ্য, ভিপিএন প্রো এর একটি সাবস্ক্রিপশনের মাধ্যমে ছয়টি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে নিরাপত্তা দেয়া সম্ভব।

অ্যান্ড্রয়েড ৬ ও তার পরবর্তী ভার্সনে ভিপিএন প্রো ব্যবহার করা যাবে। সাবস্ক্রিপশনসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অপেরা ব্যবহারকারীদের সাতদিনের ট্রায়াল এবং ৩০ দিনের অর্থ ফেরত গ্যারান্টি দিচ্ছে। ব্রাউজার অ্যাপের হালনাগাদকৃত ভার্সনে প্রতি মাসে ৫ দশমিক ৯৯ ডলার, ২ দশমিক ৯৯ ডলারে ৬ মাসের এবং ১ দশমিক ৯৯ ডলারে ১২ মাসের ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক প্রটেকশন সুবিধা দিচ্ছে।

অপেরা ফর অ্যান্ড্রয়েডের পণ্য পরিচালক স্টেফান স্টিয়ারনেলান্ড বলেন, বর্তমান সময়ে ব্রাউজিংয়ের ক্ষেত্রে ভিপিএন পরিষেবা গুরুত্বপূর্ণ। বর্তমানে আমরা ব্যবহারকারীদের একটি ফ্রি ও একটি প্রো সমাধান ব্যবহারের সুবিধা দিচ্ছি এবং এ কারণে এটি বাজারে আলাদা অবস্থান তৈরি করতে পেরেছে। অপেরা ডেস্কটপ ব্রাউজারের ডেভেলপার ভার্সনে এরই মধ্যে ভিপিএন প্রো পরিষেবাটি যুক্ত করা হয়েছে। ভবিষ্যতে অন্যান্য প্লাটফর্মের ব্যবহারকারীদের শক্তিশালী নিরাপত্তা প্রদানে এটি চালু করা হবে।