আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে কার্যক্রম শুরু করেছে নিউজিল্যান্ডভিত্তিক অ্যান্টি-ম্যালওয়্যার সফটওয়্যার এমসিসফট। গত শনিবার এমসিসফটের দেশীয় পরিবেশক ব্লুডট টেকনোলজি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হোম, বিজনেস ও এন্টারপ্রাইজ ক্যাটাগরিতে অ্যান্টি-ম্যালওয়্যার পরিষেবা চালু করেছে এমসিসফট। বাংলাদেশে কার্যক্রম শুরু উপলক্ষে হোম ক্যাটাগরিতে ১২ মাসের জন্য ২ হাজার ৮৫০ টাকার অফিশিয়াল অ্যান্টি-ম্যালওয়্যার ৫৫৫ টাকায় পাওয়া যাবে। 

বাংলাদেশে কার্যক্রম শুরুর বিষয়ে ব্লুডট টেকনোলজির নির্বাহী পরিচালক ইসমাইল হোসেন বলেন, ‘‌পৃথিবীজুড়ে সাইবার প্রটেকশন সার্ভিস দেয় যেসব কোম্পানি তাদের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে এমসিসফট অ্যান্টি-ম্যালওয়্যার।’

সফটওয়্যারটি কম সময়ে কম র‌্যাম ও সিপিইউ ব্যবহার করে ডিভাইসের সিকিউরিটি স্ক্যান করে। ফলে অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রমের ওপর কোনো প্রভাব পড়ে না এবং ডিভাইসও স্লো হয়ে যায় না। কম্পিউটার ও মোবাইল দুই ডিভাইসেই অ্যান্টি-ম্যালওয়্যার সফটওয়্যারটি ব্যবহার করা যায়। এছাড়া দূর থেকে বাসা বা অফিসের ডিভাইস মনিটর করা যায় বলেও তিনি উল্লেখ করেন।

এমসিসফটের ওয়েব কনসোল অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইনেই যেকোনো জায়গা থেকে ব্যবহারকারী তার ডিভাইসের সিকিউরিটি স্ট্যাটাস চেক করতে পারবে। এটি একই সঙ্গে অ্যান্টিভাইরাস, ইন্টারনেট সিকিউরিটি, ওয়েব সিকিউরিটি ও ফায়ারওয়াল হিসেবে কাজ করে।

এমসিসফট অ্যান্টি-ম্যালওয়্যারে চার স্তরের প্রটেকশন লেয়ার রয়েছে। যা যেকোনো ধরনের অনলাইন থ্রেটকে ব্লক করতে সক্ষম। এগুলো হলো ওয়েব প্রোটেকশন অ্যান্ড ব্রাউজার সিকিউরিটি, রিয়েল-টাইম ফাইল গার্ড, বিহেভিয়ার ব্লক ও অ্যান্টি-ম্যালওয়্যার সিস্টেম।