উইন্ডোজ ১১-এর নোটপ্যাড অ্যাপে ট্যাবস ফিচার আনতে পারে মাইক্রোসফট। সম্প্রতি প্রতিষ্ঠানটির একজন কর্মী ভুলবশত এ তথ্য ফাঁস করে দিয়েছে। খবর আইএনএস।
উইন্ডোজ সেন্ট্রালের তথ্যানুযায়ী, নোটপ্যাডের অভ্যন্তরীণ ভার্সনের একটি স্ক্রিনশট অনলাইনে প্রকাশিত হয়েছে, যেখানে ট্যাবস ফিচারটির ইন্টারফেস দেখানো হয়েছে। মাইক্রোসফটের একজন কর্মীর টুইট বার্তা থেকে স্ক্রিনশটটির তথ্য জানা গিয়েছিল। বর্তমানে টুইটটি মুছে দেয়া হয়েছে। স্ক্রিনশটে এক সতর্কবার্তায় ফিচার সম্পর্কে কোনো আলোচনা না করতে এবং স্ক্রিনশট না নেয়ার কথা জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের শুরুতে ইনসাইডারের মতামতের পরিপ্রেক্ষিতে উইন্ডোজ ১১-এর ফাইল এক্সপ্লোরারে ট্যাবস যুক্ত করে মাইক্রোসফট। কয়েক বছর ধরেই ব্যবহারকারীরা এ ফিচার চালুর দাবি জানিয়ে আসছিল। ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা একটি উইন্ডোয় একাধিক ফোল্ডার চালু করতে পারে। এটি অনেকটা একটি ব্রাউজারে একাধিক ওয়েব পেজ একসঙ্গে ব্যবহারের মতো।
ফাইল এক্সপ্লোরারের মতো ট্যাবস ফিচারটি অ্যাপের ওপরে থাকবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা একবারে একাধিক টিএক্সটি ফাইল চালু করতে পারবে। কয়েক সপ্তাহের মধ্যে নোটপ্যাডের নতুন ভার্সনটি ব্যবহারকারীদের জন্য চালু করা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে চলতি মাসের শুরুতে ইনসাইডার ভার্সনের ডেভেলপার চ্যানেলের জন্য স্নিপিং টুলে একটি নতুন আপডেট চালু করেছে মাইক্রোসফট। এতে বিল্ট ইন স্ক্রিন রেকর্ডার রয়েছে। স্নিপিং টুলের মাধ্যমে স্ক্রিনশট নেয়ার ব্যবস্থা থাকলেও ভিডিও রেকর্ডের কোনো সুবিধা ছিল না।
এক ব্লগপোস্টে মাইক্রেসফট জানায়, স্নিপিং টুলের মাধ্যমে এতদিন ব্যবহারকারীরা সহজে কোনো কিছু রেকর্ড করে শেয়ারের সুবিধা পেত। এখন বিল্ট ইন স্ক্রিন রেকর্ডিং সুবিধা যুক্ত হয়েছে।










