নিরাপদ মেসেজিং প্লাটফর্ম হিসেবে অন্যান্য প্লাটফর্মের তুলনায় হোয়াটসঅ্যাপ অনেকটাই এগিয়ে। তবে নিরাপত্তা ব্যবস্থা ছাপিয়ে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মে বিভিন্ন স্ক্যাম রয়েছে। এসব সমস্যা সমাধানে হোয়াটসঅ্যাপ আরো এক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলে ধারণা করা হচ্ছে। খবর গ্যাজেটসনাউ।
ওয়াবেটাইনফোর এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, হোয়াটসঅ্যাপ বর্তমানে ডাবল ভেরিফিকেশন পদ্ধতির পরীক্ষা চালাচ্ছে। প্রতিবেদনে বলা হয়, অন্য ডিভাইস থেকে কারো ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করতে হলে অতিরিক্ত ভেরিফিকেশন কোডের প্রয়োজন। বর্তমানে যখন কোনো ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে চায়, তখন তাদের ছয় সংখ্যার কোড প্রবেশ করাতে হয়।
প্রথম কোডটি প্রবেশ করানোর পর অ্যাকাউন্টে প্রবেশ করার ক্ষেত্রে আরো একটি ছয় সংখ্যার কোড প্রবেশ করানোর বিষয়টি ওয়াবেটাইনফো জানতে পেরেছে। এ সময় ব্যবহারকারীদের আলাদা আরেকটি মেসেজের মাধ্যমে লগইন প্রচেষ্টার বিষয়ে জানানো হবে। বহিরাগত কেউ যদি কারো ব্যক্তিগত অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করে, তাহলে মালিক সে বিষয়ে জানতে পারবে। পাশাপাশি দ্বিতীয় কোডটি প্রবেশ না করানো পর্যন্ত অ্যাকাউন্টে লগইন করা যাবে না। যারা প্রায়ই হোয়াটসঅ্যাপের বিভিন্ন স্ক্যাম ফাঁদে পা দিয়ে অ্যাকাউন্ট হারান তাদের জন্য ফিচারটি বেশ সহায়ক হবে বলে ধারণা সংশ্লিষ্টদের।
বর্তমানে ফিচারটির উন্নয়ন কার্যক্রম চলমান। কবে নাগাদ এটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।










