এমওয়ানের মাধ্যমে অ্যাপল প্রযুক্তিবাজারে নিজস্ব চিপ উন্মোচন করে। ম্যাকমিনি থেকে শুরু করে ম্যাকবুক ও আইপ্যাডেও এ চিপ ব্যবহার করা হয়েছে। নিরাপত্তার দিক থেকে অ্যাপল এতদিন শীর্ষে থাকলেও সম্প্রতি এমওয়ান সিলিকনে জটিল সাইবার ত্রুটির সন্ধান পেয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। খবর গিজমোচায়না।

ত্রুটি ব্যবহারের মাধ্যমে হ্যাকাররা চিপসংবলিত যেকোনো ডিভাইসে হামলা চালাতে পারবে। সম্প্রতি শেষ হওয়া বৈশ্বিক ডেভেলপার সম্মেলনে এমটু সিলিকন চিপ উন্মোচন করেছে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এর পরপরই প্রকাশিত বিভিন্ন সংবাদে সাইবার নিরাপত্তা বিভাগে এমওয়ান চিপের ত্রুটির বিষয়টি প্রকাশ পায় বলে জানানো হয়। এমআইটির গবেষকদের বরাত দিয়ে ম্যাক ওয়ার্ল্ড ও ৯টু৫ম্যাক জানায়, নিরাপত্তা ত্রুটিটি এমওয়ান প্রসেসরের সর্বশেষ নিরাপত্তা লেভেল অতিক্রমে সক্ষম এবং ভবিষ্যতে কোনো সফটওয়্যার আপডেটের মাধ্যমে এর সমাধান করা যাবে না।

এমওয়ান সিলিকনে যে নিরাপত্তা ত্রুটি দেখা গেছে, সেটিকে প্যাকম্যান নাম দেয়া হয়েছে। কেননা এটি চিপের পয়েন্টার অথেনটিকেশন কোড সিস্টেমকে নষ্ট করতে সক্ষম। ম্যাক ওয়ার্ল্ড জানায়, পয়েন্টার অথেনটিকেশন হচ্ছে চিপের একটি নিরাপত্তা ফিচার, যেটি সিপিইউকে মেমোরিতে প্রবেশের সুযোগ পাওয়া আক্রমণকারীর কাছ থেকে সুরক্ষিত রাখে। গবেষণায় এমআইটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব (সিএসএআইএল) প্যাকমান হামলার পরীক্ষা চালায়। যেটি সফলভাবে পাস পয়েন্টার অথেনটিকেশন এড়ানোর পদ্ধতি নির্ধারণ করতে পারবে। ফলে হ্যাকার সহজেই কম্পিউটার থেকে ডিভাইসে প্রবেশ করতে পারবে। গবেষণা পরিচালনাকারী দলটির প্রধান জোসেফ রবিচন্দ্রের আর্টিকেলের বরাত দিয়ে ম্যাকওয়ার্ল্ড জানায়, পয়েন্টার অথেনটিকেশন যখন প্রথম চালু করা হয় তখন বিভিন্ন বাগের মাধ্যমে হামলা করা অনেক কঠিন হয়ে পড়ে। প্যাকম্যান এসব বাগকে আরো শক্তিশালী করছে। ফলে আরো বড় পরিসরে হ্যাকাররা আক্রমণ চালাতে পারবে।

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির কম্পিউটার সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব জানায়, প্যাকম্যান ডিভাইসের হার্ডওয়্যারে আক্রমণ চালায়। তাই সফটওয়্যার আপডেটের মাধ্যমে এর সমাধান সম্ভব নয়। অ্যাপলের এমওয়ান চিপের পাশাপাশি যেসব আর্ম প্রসেসর পয়েন্টার অথেনটিকেশন ব্যবহার করে, তারাও বড় ধরনের ঝুঁকিতে রয়েছে। রবিচন্দ্র বলেন, ভবিষ্যতে যারা প্রসেসরের ডিজাইন করবেন, তাদের এ ঘটনা আমলে নিয়ে আরো নিরাপদ নিরাপত্তা ব্যবস্থা তৈরি করতে হবে।