ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সিকিউরিটি ডে পালন করেছে গ্রামীণফোন। সাইবার পরিসরে সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমেই বেড়ে চলেছে। তাই এ বিষয়ে গুরুত্ব দিয়ে এনাবলিং সিকিউরিটি টু সেফগার্ড আওয়ার ডিজিটাল প্রেজেন্স শীর্ষক এক অনুষ্ঠান আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে গ্রামীণফোনের কর্মকর্তাদের মধ্যে প্যানেলে আলোচক ছিলেন প্রতিষ্ঠানটির সিইও ইয়াসির আজমান, সিসিএও হ্যান্স মার্টিন হেনরিক্সন, হেড অব সোশ্যাল ইমপ্যাক্ট ফারহানা ইসলাম, হেড অব হেলথ, সেফটি, সিকিউরিটি অ্যান্ড এনভায়রনমেন্ট এএসএম হেদায়াতুল হক এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের জাতীয় ডাটা সেন্টারের পরিচালক তারেক এম বরকতউল্লাহ। রাজধানীর জিপিহাউজে গতকাল অনুষ্ঠানটি আয়োজিত হয়।
আলোচনা অনুষ্ঠানে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, ‘ইন্টারনেটে সবার জন্য বিস্তৃত সুযোগ ও সম্ভাবনা রয়েছে। ডিজিটালভাবে দক্ষ হয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারলে এটি আমাদের জন্য সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করবে। তবে একই সঙ্গে, এখানে নানা ধরনের ঝুঁকিও রয়েছে।’ তিনি বলেন, ‘আমরা আমাদের গ্রাহকদের জন্য প্রাইভেসি ও ডাটার নিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু কোনো অপারেটরের একার পক্ষে এ বিশাল কাজ সম্পাদন করা সম্ভব না। তাই সাইবার নিরাপত্তাঝুঁকি কমিয়ে আনতে আমাদের সরকার ও অন্য পার্টনারদের সঙ্গে একযোগে কাজ করতে হবে।’










