আগামী বছরের চতুর্থ প্রান্তিকে নিজেদের প্রথম ইন্টারনেট স্যাটেলাইট প্রজেক্ট কুইপার উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। খবর আইএএনএস।

প্রজেক্ট কুইপারের মাধ্যমে অ্যামাজন পৃথিবীর নিম্ন কক্ষপথে ৩ হাজার ২৩৬টি স্যাটেলাইটের মাধ্যমে শক্তিশালী নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি করতে চায়। এর মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্তে দ্রুতগতির ইন্টারনেট সরবরাহ করা সম্ভব হবে। প্রতিষ্ঠানটি কুইপারস্যাট-১ ও কুইপারস্যাট-২ নামের দুটি প্রটোটাইপ স্যাটেলাইট উেক্ষপণ ও পরিচালনার জন্য ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) কাছে আবেদন করেছে।

এক বিবৃতিতে অ্যামাজনের প্রযুক্তি বিভাগের ভাইস প্রেসিডেন্ট রাজীভ বাদিয়া বলেন, স্যাটেলাইটগুলো কীভাবে মহাকাশে কাজ করবে তা দেখার জন্য শিগগিরই আমরা প্রস্তুতি সম্পন্ন করব।

তিনি বলেন, কক্ষপথে পরীক্ষার কোনো বিকল্প নেই। পাশাপাশি এ জটিল ও ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারব।

গত বছর ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) অ্যামাজনের কার্য পদ্ধতিতে অনুমোদন দিয়েছিল। সে সময় প্রতিষ্ঠানটি কুইপারে ১ হাজার কোটি ডলার বিনিয়োগের ব্যাপারে জানিয়েছিল। পৃথিবীর নিম্ন কক্ষপথে ৫৭৮টি স্যাটেলাইট উৎক্ষেপণের পর কুইপারের প্রাথমিক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে অ্যামাজন।