ইউক্রেনে সামরিক আগ্রাসন-পরবর্তী সময় থেকে রাশিয়ায় বিদেশী প্রতিষ্ঠানের সাইবার হামলার সংখ্যা ক্রমাগত বাড়ছে। এ হামলা প্রতিরোধে দেশের প্রযুক্তি খাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আশ্বাস দিয়েছেন পুতিন। পাশাপাশি বিদেশী সফটওয়্যার ও হার্ডওয়্যারের ব্যবহার কমানোর কথাও জানিয়েছেন। খবর রয়টার্স।

গত ২৪ ফেব্রুয়ারি স্পেশাল অপারেশন নামে ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরুর পর রাশিয়ার বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও গণমাধ্যমের ওয়েবসাইট নিয়ন্ত্রণে নেয়ার জন্য সাইবার হামলা বাড়ে। সামরিক আগ্রাসনের বিষয়ে মস্কোর যে অবস্থান তার সম্পূর্ণ বিপরীত তথ্য প্রদর্শনেই এসব হামলা পরিচালনা করা হয়েছে বলে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে।

বিবৃতিতে পুতিন জানান, ইন্টারনেটে রাশিয়ার যে তথ্যগত অবকাঠামো রয়েছে, সেটি নষ্ট করতেই এসব হামলা। সেই সঙ্গে দেশটির গণমাধ্যম ও আর্থিক প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে। সরকারি প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে গুরুতর আক্রমণগুলো চালানো হচ্ছে। রাশিয়ার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের নেটওয়ার্কে অনুপ্রবেশের চেষ্টাও চলছে।

নিরাপত্তা পরিষদের সঙ্গে এক বৈঠকে পুতিন জানান, রাশিয়ার প্রধান খাতগুলোকে তাদের প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থা আরো উন্নত করতে হবে। পাশাপাশি নিজস্ব প্রযুক্তি ও পণ্য ব্যবহার শুরু করতে হবে। বিদেশী তথ্যপ্রযুক্তি, সফটওয়্যার ও পণ্যের ওপর নিষেধাজ্ঞা রাশিয়ার ওপর চাপ প্রয়োগের অন্যতম পদ্ধতি। পশ্চিমা বিশ্বের বেশকিছু সরবরাহকারী রাশিয়ায় থাকা তাদের পণ্যের প্রযুক্তিগত সহায়তা দেয়া বন্ধ করে দিয়েছে। সফটওয়্যার বা হার্ডওয়্যারের ভার্সন আপডেট করার পর সেগুলো বন্ধ হয়ে যাওয়ার ঘটনাই বেশি ঘটছে।

দেশটির রাষ্ট্রীয় যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রসকমনাডজর জানায়, সম্প্রতি তারা এমন একটি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে, যেখানে কিছু প্রতিষ্ঠানের গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ছিল। তবে সংস্থাটির পক্ষ থেকে প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করা হয়নি।

রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ভিটিবির গ্রাহকদের ফোন নম্বর ফাঁস হওয়ার বিষয়টিও উল্লেখ করেছে রসকমনাডজর। তবে এসব গ্রাহকের তহবিল সুরক্ষিত থাকার বিষয়টি সংস্থার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে, রসকমনাডজরের প্রতিবেদনে প্রকাশিত তথ্য ফাঁসের বিষয়টি অস্বীকার করেছে ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিস ও অনলাইন মার্কেটপ্লেস আভিটো।

মার্চের শুরুতে টেক জায়ান্ট ইয়ানডেক্সের ফুড ডেলিভারি অ্যাপ ইয়ানডেক্সডটএডার ৫৮ হাজারের বেশি গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছিল। অন্যদিকে খাবার অর্ডার করার পর সেখান থেকে তথ্য ফাঁস হওয়ায় সম্প্রতি গ্রাহকদের কাছে ক্ষমা চেয়েছে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ডেলিভারি ক্লাব।

প্রতিষ্ঠানের বরাতে সংবাদ সংস্থা তাস প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চুরি করা তথ্যে গ্রাহকদের অর্ডারের বিস্তারিত থাকলে সেখানে ব্যাংকসংক্রান্ত কোনো তথ্য নেই। পাশাপাশি প্রতিষ্ঠানটি গ্রাহকদের তথ্যের নিরাপত্তা নিশ্চিতেও কাজ করছে বলে জানা গিয়েছে।

চলতি মাসে হ্যাকারদের আক্রমণে দেশটির ভিডিও প্লাটফর্ম রুটিউবের কার্যক্রম তিনদিন বন্ধ ছিল। এছাড়া, নািস জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ৭৭তম বিজয় দিবস উদযাপনের দিন মস্কোয় রাশিয়ার স্যাটেলাইট টেলিভিশনের চ্যানেল পরিবর্তন করে দিয়েছিল হ্যাকাররা।

কয়েক বছর ধরেই মস্কো তাদের ইন্টারনেট অবকাঠামো উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে গত গ্রীষ্মে বৈশ্বিক ইন্টারনেট সংযোগ থেকে নিজেদের বিচ্ছিন্নও করেছিল দেশটি।