প্রথম কোনো প্রতিষ্ঠান হিসাবে অ্যাপল ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের মাইলফলকে পৌঁছতে চলেছে। মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের শেয়ার বাজার মূল্য বেড়ে এই মাইলফলকে পৌঁছার দ্বারপ্রান্তে রয়েছে। বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহ প্রতিষ্ঠাতা স্টিভ জবস ২০০৭ সালে যখন প্রথমবারের আইফোন বাজারে উম্মুক্ত করেন, তারপর হতে প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য বেড়েছে ৫ হাজার ৮শ শতাংশ। যদিও সোমবার নিউইয়র্কের ট্রেডিংএ মাইলফলক হতে খুব সামান্য পিছিয়ে গেছে। তবু প্রতিষ্ঠানটির বর্তমান বাজার মূল্য ২ দশমিক ৯৯ ট্রিলিয়ন ডলার। করোনা মহামারীর বড় বিজয়ী ভাবা হয় অ্যাপলকে। কারণ, লকডাউনের এই সময়ে গ্যাজেটে মানুষের সময় ব্যয় করার প্রবণতা বেড়েছে। শেয়ার বাজারভিত্তিক প্রতিষ্ঠান ওয়েডবুশের বিশ্লেষক ড্যান আইভস বলেন, ৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছা অ্যাপলের জন্য আরো একটি ঐতিহাসিক ঘটনা। এটি প্রমাণ করবে যে সন্দেহপোষণকারীরা ভুল।  

অ্যাপলের শেয়ার বাজার মূল্য ২ ট্রিলিয়ন ডলার থেকে ৩ ট্রিলিয়নের দ্বারপ্রান্তে পৌঁছতে সময় লেগেছে ১৬ মাসের কিছুটা বেশি। বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের চাহিদা তুঙ্গে পৌঁছে লকডাউনে স্মার্টফোন, ট্যাবলেট ও ল্যাপটপের চাহিদা বাড়ার কারণে।

এরআগে প্রথম কোম্পানি হিসাবে অ্যাপল শেয়ার বাজার মূল্যে এক ট্রিলিয়ন ডলারের মাইলফলকে পৌঁছে ২০১৮ সালের আগস্টে। 

ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি কিউপারটিনোতে ১৯৭৬ সালে অ্যাপলের যাত্রা শুরু হয়। এটি প্রতিষ্ঠা করেন স্টিভ জবস এবং তার ব্যবসায়ী সঙ্গী স্টিভ ওজনিয়াকি ও রোনাল্ড ওয়েন।