খুলনা আইটি/হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। খুলনার টুটপাড়ায় এটি তৈরি করা হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক আইসিটি বিভাগকে ধন্যবাদ জানিয়ে বলেন, আইটি পার্কটি প্রযুক্তিজ্ঞানসমৃদ্ধ সমাজ গঠনে সহায়তা করবে।
আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেন, এ হাই-টেক পার্ক খুলনা শিল্পাঞ্চলকে প্রযুক্তিনির্ভর শিল্পাঞ্চলে পরিণত করবে। এটি হবে খুলনার তরুণ প্রজন্মের কর্মসংস্থানের ঠিকানা। এছাড়া বাংলাদেশকে শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞাননির্ভর, উন্নত অর্থনীতির স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
ভারত সরকারের অর্থায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অধীন জেলা পর্যায়ে আইটি বা হাইটেক পার্ক স্থাপন প্রকল্পের আওতায় খুলনায় এ হাই-টেক পার্কটি প্রায় চার একর জায়গার ওপর ১৭০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।
আগামী দুই বছরের মধ্যে পার্কের নির্মাণকাজ শেষ হবে। পার্কটি চালু হলে প্রতি বছর এক হাজার তরুণ প্রশিক্ষণ গ্রহণ ও তিন হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সালাহউদ্দিন জুয়েল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম এবং খুলনায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার অসীম কুমার সানতা।










