কয়েক সপ্তাহের মধ্যেই টুইটার ছাড়ছেন মাইক্রোব্লগিং সাইটটির প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তা। সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছে টুইটার। খবর রয়টার্স।

গত নভেম্বরে জ্যাক ডরসি প্রধান নির্বাহীর পদ ছাড়ার পর টুইটারের শীর্ষ নেতৃত্বে বেশকিছু পরিবর্তন এসেছে। পরাগ আগারওয়াল সিইওর দায়িত্ব গ্রহণের পর থেকে সবকিছু ঢেলে সাজানোর চেষ্টা করছেন। সম্প্রতি প্রধান নিরাপত্তা কর্মকর্তা পিটার জ্যাটকো ও প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তা রিনকি শেঠির প্রস্থানের বিষয়টি নিশ্চিত করেছে টুইটার।

২০২০ সালে টুইটার বড় আকারের নিরাপত্তা ঝুঁকিতে পড়ে। বিল গেটস ও ইলোন মাস্কের মতো বিলিয়নেয়ারদের অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নেয় হ্যাকাররা এবং সেখান থেকে বিভিন্ন পোস্টও করে তারা। তখনই ‘মুডজ’ হিসেবে পরিচিত পিটার জ্যাটকোকে ২০২০ সালে নিরাপত্তা বিভাগের প্রধান নিয়োগ দেয়া হয়।