কেন অন্যরূপ নয়?
কেন বৃত্ত?
কবিতার ক্লাস।
সাতটি টেবিল। গোল।
জয়শ্রী আলোর নিচে সাতজন কবি।
বিষয়গুলি হতে পারে
চলিষ্ণু বৃত্তের
আলোকের পুষ্টিহীনতার
রাত্রি ঝাড়ু দেওয়া নক্ষত্রের গান
মিছিলে মৃত্যুর আগে কী স্বপ্ন দ্যাখে চোখ
বিশেষ কোনো শূন্যতার সঙ্গ
হয়তো ঘুমিয়ে পড়া দরজার।
প্রথম টেবিলে রজনীগন্ধার আনন্দ।
কবিকে লিখতে হবে:
হলিউডের অভিনেত্রী
জাতিসংঘের বিশেষ দূত,
তার হাস্যময় সুগন্ধির পাশে বসে
দেশ হারানো মানুষ
পারদ ওঠা আয়নায় কী স্বপ্ন দ্যাখে?
দ্বিতীয় টেবিলে ফুলগুলি নীল।
কবি দেখছেন পরিধির সংকেত।
প্রেমিক-প্রেমিকা
হয়ে উঠতে না পারা প্রেম নিয়ে
যমুনার তীরে চাঁদের নিচে কী করে?
অথবা তাদের ঠোঁট
বৃষ্টির বন্ধনে গেলে
ওরা ধ্রুবতারা দেখতে পায় কি না।
তৃতীয় টেবিলে ঝরে যাচ্ছে হলুদ পাপড়ি।
কবি যথাশব্দ খুঁজছেন,
শব্দ যথাকলম খুঁজছে:
কোনো কোনো দেশে
ঈশ্বরের ও যৌনতার গল্প
বেশি বিক্রি হয় কেন?
টেবিলের কাপড়টা লাল। ফুলগুলিতে ধুলো।
মাথা নিচু করা কবির বিষয়:
হাইড্রোজেন বোমা ব্যবহারের পর
শিশুর মুখের চামড়ায়
শান্তির পায়রাছবি
পরাশক্তি কোন কোন রঙে আঁকতে পারে।
পাঁচ নম্বর টেবিলের কবি পাঁচ সংখ্যার জাতক।
তাঁর কফি ঠাণ্ডা হয়ে গেছে।
বিষয়টা জেন্ডারবিরোধী হতে পারে:
প্রতি মাসে একবার রক্ত দেখা নারী
খুনি পুরুষকে গোলাপ দেয় কেন?
সবুজ আলোর নিচে বিষণ্ন টেবিল।
কবি অংক জানেন না। পারাপারহীন বিষয়:
নদীর ঢেউয়ের জন্যে
জ্যামিতি কতটা উপকারী।
সপ্তম টেবিল কালো কাপড়ে ঢাকা।
শূন্য ফুলদানির পাশে ঘুরছে গ্লোব। ঘুরছে দেশ।
কবির সামনে তিন রঙের কালির তিনটি কলম।
কোন কালিতে লিখলে শব্দেরা কবিতা হবে না:
আমেরিকা আর ইসরাইল ফিলিস্তিনিদের জন্যে
ইংরেজি আর হিব্রুর কোন কোন অক্ষরে
মানবাধিকার ও স্বাধীনতা বানান লেখে?
কবিতায় সংকেত, আলোকবিজ্ঞান,
বাই পোলার ডিজঅর্ডার কীভাবে জন্ম নেয়,
আড়ালের মন্ত্র না হয়ে
কবিতা কীভাবে স্বাধীন কবিতা হয়ে ওঠে,
কবিতার অধ্যাপক আলোচনা করছেন।
তাঁর বিষণ্ন চোখ খুঁজছে
দূরত্বের খাদে হারিয়ে যাওয়া প্রিয় সোমবার।
ব্ল্যাকবোর্ডে শত শত শব্দ লিখছেন। কাটছেন।
কাটা তুমি। কাটা আমি। কাটা প্রেম। কাটা সূর্য।
কাটা দেশ। কাটা শিশু। কাটা স্বপ্ন। কাটা শস্য
না কাটা শব্দের সাথে সাপলুডু খেলছে।






