তুমি এসো
কোনো এক বর্ষাস্নাত সন্ধ্যায়
সমস্ত সত্ত্বাকে বিস্মিত করে, তুমি এসো।
আমি বেড়ায় হেলান দিয়ে
দক্ষিণের বারান্দায় সেই কবি
নীলকণ্ঠ হচ্ছি অনন্ত সুরায়
যা আমিই কেবল পারি।
রন্ধনশালার আয়োজন নেই আজ
আজ উপস, সেই বৃষ্টি আজও আছে
হাতের তালুতে সাতানব্বই সাল
আমি সেই আলু-থালু চুলে
তোমাকে শুনিয়ে যাচ্ছি প্রতিটা স্বরলিপি
নিরেট জড় পদার্থ তুমি শুধু আজ।
ফতুর মনের শুক্লারাতের খুনি তারা
বেহিসেবি ফুটো হাত, কাফনে শরীর ঢাকা
নক্ষত্র হত্যায় কেটে গেল আরো দুটি যুগ
আর একটি মাত্র প্রজাপতি
শুধুমাত্র একটি মাত্র জলদ নারীকে
জাগিয়ে রাখতে চাই সন্তর্পণে আঁকা
হূদয় ক্যানভাসে।






