মৌলিকত্ব একটি বহুব্যবহারে জীর্ণ ও দুশ্চিন্তা জাগানো শব্দ, তবু আমি এখানে এমন সব সাম্প্রতিক রচনার কথা ভাবতে চেয়েছি, যেগুলো একেবারেই অভিনব ও আলাদা, অনেকটা ট্রিস্ট্রাম শ্যান্ডি যে রকম।

 

দ্য থার্ড পোলিসম্যান: ফ্ল্যান ও’ব্রায়েন

বাইসাইকেল বিষয়ে একটি বই। নিঃসন্দেহে বিংশ শতাব্দীর অন্যতম সেরা একটি কৌতুকোপন্যাস। বলাই বাহুল্য, এটি একজন আইরিশম্যানের রচনা।

 

রিডলি ওয়াকার: রাসেল হোবান

একটি আস্ত পৃথিবী, ইতিহাস কিংবা ভাষা উদ্ভাবন করা সহজ কম্মো নয় এবং যদি প্রথম দৃষ্টিতে রিডলি ওয়াকারকে বানান ভুলে ভরা চসারের মতো মনে হয়, হতাশ হবেন না যেন। দ্বিতীয় পৃষ্ঠা থেকেই আপনি সেই ভাষাটি একেবারে মাতৃভাষার মতো বলতে শুরু করবেন।

 

দ্য লুজার: টমাস বার্নহার্ড

টমাস বার্নহার্ড, সেই অস্ট্রিয়ান যিনি অস্ট্রিয়াকে ঘেন্না করেন এবং যার খ্যাতি রয়েছে ‘কঠিন’ বলে এবং যদিও দ্য লুজার শিল্পকলা, উচ্চাকাঙ্ক্ষা, প্রচেষ্টার অসারতা ইত্যাকার ওজস্বী বিষয় নিয়ে কথা বলে এবং ফুসফুসের রোগ, আত্মহত্যার মতো ঘটনাপুঞ্জ দ্বারা আক্রান্ত, তবুও তা আমাকে উচ্চস্বরে হাসিয়েছে। বাক্যের পর বাক্য, এই বই একাধারে রহস্যোপন্যাস এবং আশ্চর্যগাথা। ঘোরলাগা, ছড়ানো-ছিটানো, প্যাঁচালো এবং এমন নিখুঁতভাবে বিরক্তিজাগানিয়া। এটি একটি রত্নবিশেষ।

 

ফ্লবেয়র’স্ প্যারট: জুলিয়ান বার্নস্

বার্নস্ অসংখ্য অসাধারণ গ্রন্থ রচনা করেছেন। কিন্তু এটি আর কোনোটির মতো নয়, তার নিজের বা অন্যের। ফ্লবেয়র’স্ প্যারট নতুন এবং সবসময়ই তা থাকবে।

 &dquote;&dquote;

সিক্সটি স্টোরিজ: ডোনাল্ড বার্থেলমে

সত্য হচ্ছে, আমি ষাটখানি গল্পের সবকয়টি পড়িনি। কিন্তু দ্য বেলুন গল্পটি এর মধ্যে রয়েছে এবং এটি এমন চমকপ্রদভাবেই না ‘তৈরি’ করা হয়েছে এবং আনন্দ ও বিস্ময়ের এমন ওজন সঙ্গে নিয়ে সে উড়ে চলে! এটি সবসময়ই আমার সঙ্গে রয়েছে, যার প্রতি উদ্বাহু হতে আমি সর্বদা প্রস্তুত।

 

ভাষান্তর: আলম খোরশেদ

উৎস: The Salon.com Reader’s Guide to Contemporary Authors সংকলন