নিজের সহকর্মী চলচ্চিত্রকারদের মূল্যায়ন করেছিলেন ইংমার বার্গম্যান। তার কথায়, গোদার ‘প্রভাবাচ্ছন্ন’, হিচকক ‘শিশুসুলভ’ এবং তারকোভস্কি ‘মহত্তম’।
ইংমার বার্গম্যানের ভক্তদের সাইট বার্গম্যানোরমা; এখানে ওয়েবসাইটে যদি কেউ একটু মনোযোগ দিয়ে খেয়াল করে তাহলে জানতে পারবে দ্য সেভেনথ সিল, ওয়াইল্ড স্ট্রবেরিজ ও পারসোনার মতো চলচ্চিত্রের মহান স্রষ্টা তার সময়কার ছবি ল’াভেনচুরা, ব্রেথলেস, ভার্টিগো, দি এক্সটার্মিনেটিং অ্যাঞ্জেল, দ্য ফোর হান্ড্রেড ব্লোজ ও স্টকারের মতো সিনেমার নির্মাতাদের নিয়ে কী বলতে চেয়েছেন, যেমন—
জাঁ লুক গোদার প্রসঙ্গে
আমি তার কোনো সিনেমারই প্রশংসা করতে সমর্থ হইনি, এমনকি সেগুলো বুঝতেও পারিনি। তার চলচ্চিত্রগুলো আমার কাছে মনে হয়েছে বুদ্ধিদীপ্ত কিন্তু আত্মকেন্দ্রিক; সিনেমা হিসেবে আকর্ষণহীন এবং সত্যি বলতে নিস্তেজ। আমার সবসময়ই মনে হয়েছে যে, তিনি সিনেমাগুলো তৈরি করেছেন সমালোচকদের জন্য।
মিকেলেঞ্জেলো অ্যান্তোনিয়োনি প্রসঙ্গে
মিকেলেঞ্জেলো অ্যান্তোনিয়োনি কখনই তার শিল্পকে যথাযথভাবে নির্মাণ করতে শিখতে পারেননি। তিনি একজন সুন্দরের পূজারী। উদাহরণস্বরূপ, যদি তার দ্য রেড ডেজার্টের জন্য কোনো নির্দিষ্ট একটি রাস্তার প্রয়োজন হয়ে থাকে, তাহলে তিনি সেই রাস্তার ধারে থাকা সব বাড়িকে রঙ করে নেবেন। এটাই সৌন্দর্যচর্চার মনোভাব। একটি মাত্র চিত্রায়ণের জন্য তিনি অনেক যত্ন নিলেন কিন্তু এটা বুঝতে পারলেন না যে, চলচ্চিত্র অনেকগুলো ছবির কাব্যিক ধারা, একটা জীবন্ত, চলমান প্রক্রিয়া; তার জন্য, পক্ষান্তরে এটা ছিল চমত্কার একটি শট, তারপর আরেকটি শট, তারপর আরো একটি। সুতরাং অবশ্যই তার সিনেমায় কিছু চমত্কার খণ্ডচিত্র রয়েছে। কিন্তু আমি বুঝতে পারি না, কেন তাকে এত মর্যাদা দেয়া হয়।
আলফ্রেড হিচকক প্রসঙ্গে
তিনি একজন অনেক উঁচুমানের কারিগর। এবং সাইকোতে তার কিছু একটা রয়েছে, তার কিছু মুহূর্ত আছে। সাইকো তার সবচেয়ে আকর্ষণীয় ছবিগুলোর মধ্যে একটি। কারণ সিনেমাটি অনেক দ্রুত তৈরি করতে হয়েছে এবং অনেক সেকেলে পদ্ধতি অবলম্বন করে। তার হাতে সিনেমার জন্য টাকা ছিল অল্প। আর এ সিনেমা তার সম্পর্কে অনেক কিছু বলে। যদিও খুব ভালো ভালো জিনিস নয়। তিনি একেবারে শিশুসুলভ। এবং আমি কি তার সম্পর্কে আরো বেশি জানতে আগ্রহী হব— না। নারীদের সঙ্গে বা তাদের সঙ্গে তার বিরূপ আচরণ সম্পর্কে আমি জানতে চাই না। কিন্তু এ সিনেমাটি বেশ আকর্ষণীয়।
এফ ডব্লিউ মারনৌর ওপর বার্গম্যানের উক্তি পাবেন, যিনি ‘চমত্কার নমনীয়তা’র সঙ্গে ছবিনির্ভর গল্পের কথক; এবং মার্সেল কারনে ও জুলিয়েন ডুভিভিয়ার সম্পর্কে, ‘আমার চলচ্চিত্রকার হতে চাওয়ার চূড়ান্ত অনুপ্রেরণা।’ ফেদিরিকো ফেলিনি সম্পর্কে, যার সৃজনশীল মনের তীব্র উত্তাপ ‘তাকে গলিয়ে দেয়।’ ফ্রাঁসোয়া ত্রুফো: তিনি ‘চমত্কার উপায়ে দর্শকদের সঙ্গে সম্পর্কিত হওয়া’ হতে জানেন। আর ইংমারের সেরা পছন্দ আন্দ্রেই তারকোভস্কি সম্পর্কে: তিনি এদের ‘সবার মধ্যে সেরা’। লুই বুনুয়েল সম্পর্কে বার্গম্যানের মন্তব্যগুলো যেকোনো মাধ্যমের যেকোনো বয়সের নির্মাতাদের জন্য গুরুত্বপূর্ণ উপদেশ হয়ে আছে। তিনি একজন সমালোচকের উক্তি ব্যবহার করে বলেন, ‘with Autumn Sonata Bergman does Bergman’ এবং (এ কথার সত্যকে বার্গম্যান মেনে নিয়েছিলেন), কিন্তু তিনি এ উক্তির সঙ্গে আরো যুক্ত করেন, একটা সময় এসে ‘তারকোভস্কি তারকোভস্কির সিনেমা তৈরি করতে শুরু করেছিলেন এবং ফেলিনি ফেলিনির সিনেমা তৈরি করতে শুরু করেছিলেন।’ বুনুয়েল হায়! ‘সবসময়ই প্রায় বুনুয়েলের ফিল্ম তৈরি করেছেন।’ এর শিক্ষা হলো: তোমার যদি কাউকে অনুকরণ করতেই হয়, নিজের ধরনকে অনুকরণ করো না অথবা এই ব্যাপারকে, আমি একবার লেখক জিওফ ডায়ারকে উল্লেখ করতে শুনেছিলাম (মধ্য শতকের ইউরোপীয় চলচ্চিত্রের বিশাল একজন অনুরাগী ছিলেন তিনি) ‘নিজের কারাওকে।’
সূত্র: ওপেন কালচার, অনুবাদ: দেবযানী মোদক






