১৮৬০ সালে প্রকাশিত জন রবিনসনের অভিধান ঘেঁটে আপনাকে যদি বাণিজ্যিক যৌনকর্মীর সন্ধান করতে হয়, তাহলে আপনাকে যেতে হবে কসবীপাড়া কিংবা কসবীটোলা। এই জায়গা অন্য নামেও পরিচিত, আর তা হচ্ছে খানকি মহল। ব্রোথেল মানে অন্য স্থানগুলোর সঙ্গে বেশ্যালয়ের কথাও লিখেছেন। ইঞ্জিনিয়ারিং মানে প্রকৌশল, জন রবিনসনের অভিধানে তা ‘কল নিম্মাণের বিদ্যা’। আপনি যদি ‘ফেয়ালসনি’র অপরাধে অভিযুক্ত হন, এ কালে হিমশিম খেতে হবে, আসলে অপরাধটা কী? এই গুরুতর অপরাধটি হচ্ছে ধর্ষণ। এই অভিধান ঘেঁটে কেউ যদি আপনাকে ‘বেহুরমতী’ করে থাকে কিংবা ‘তহমত’ দিয়ে থাকে, তাহলে আপনি তার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকে দিতে পারেন। রবিনসনের ইংরেজি থেকে বাংলা অভিধান থেকে শব্দ তুলে কেউ যদি আপনার ‘দরহামা’ জানতে চায়, কী বলবেন? কিংবা যদি আপনার ‘তলপ’ কিংবা ‘মাহিয়ানা’ সম্পর্কে ধারণা পেতে চায়, তখন? যদি ‘মুসাহেরা’ বা ‘তনখা’ জিজ্ঞেস করে তাহলে?
দরহামা, মাহিয়ানা, তলপ, মুসাহেরা, তনখা— সবগুলোর ইংরেজি শব্দ হচ্ছে স্যালারি— বেতন।
এসরারনামা, ফয়সলনামা, শরাবতনামা, রফানামা, তকসিমনামা, ইব্রানামা, আমানতনামা— এ ধরনের বহু শব্দ এই অভিধানে রয়েছে। সেকালের দাপ্তরিক ভাষা ফারসি প্রভাবান্বিত বাংলার অনেকটাই উঠে এসেছে এ অভিধানে।
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের এক বছর আগে ১৮৬০ সালে সরকারের বাংলা অনুবাদক (Bengalee Translator to Government) জন রবিনসনের অভিধানটি কালকাতার ‘থ্যাকার, স্পিংক অ্যান্ড কোং, সেন্ট অ্যাড্রুজ লাইব্রেরি’ নামক প্রকাশনা প্রতিষ্ঠান থেকে বের হলো। ৪০০ কপি ছাপা হয়েছিল। এর একটি কপি আমি পেয়েছি সাভারে লোক-প্রশাসন কেন্দ্রের পাঠাগারে। অভিধানটির নাম ‘Dictionary of law and other Terms’ commonly employed in the courts of Bengal; দীর্ঘ নামটির সঙ্গে যোগ করা হয়েছে Including many commercial words and idiomatic phrases in English and Bengali.
এটি একটি স্পেশালাইজড— বিশেষায়িত অভিধান। জন রবিনসন অনুবাদক হিসেবে চাকরিতে যোগদানের পর সঠিক শব্দ নির্বাচনের কোনো নির্দেশনায় না থাকায় সমস্যায় পড়েন এবং যে শব্দ নিয়ে সমস্যা হয়, তা-ই খাতায় টুকতে থাকেন। ১৮৪০ দশকেই দাপ্তরিকভাবে বাংলা চালু হলেও উর্দু ও ফারসির দৌরাত্ম্য অব্যাহত থাকে। তখন অবশ্য কিছু কিছু ইংরেজি শব্দও বাংলার শব্দভাণ্ডারে প্রবেশ করতে থাকে।
রবিনসন দাপ্তরিক কাজে ও আদালতে ব্যবহূত শব্দ যথেষ্ট সম্ভব নোট করতে থাকেন এবং এভাবেই একটি পাণ্ডুলিপি প্রস্তুত হয়ে যায়। তিনি পাণ্ডুলিপিটি সদর আদালতে দাখিল করেন। আদালতের বিচারক তাকে পরামর্শ দেন: মার্জিনে যথেষ্ট জায়গা খালি রেখে পাণ্ডুলিপি তৈরি করুন।
অতঃপর এই পাণ্ডুলিপি বাংলার আইন ও বিচারিক দপ্তরসমূহে পাঠানো হয়। বিভিন্ন মন্তব্য, সংশোধন, সংযোজনসহ পুরোপুরি আদালতের উপযোগী করে তার কাছে ফেরত পাঠানো হয়। তিনি সব সমন্বিত করে চূড়ান্ত পাণ্ডুলিপি প্রণয়ন করেন। তত্কালীন সরকারের প্রধান অনুবাদক জন সি মার্শম্যান গ্রন্থকারকে সহায়তা করেন। ১৮৭৭ সালে রবিনসন নিজেও প্রধান অনুবাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি তিন বছর এ পদে বহাল থাকার পর বাঙালি রাজকৃষ্ণ মুখোপাধ্যায়কে ১৮৮০ সালে প্রধান অনুবাদক পদে বসানো হয়। আরো ১০ বছর পর ১৮৯০ সালে প্রধান অনুবাদক হন চন্দ্র নাথ বসু।
প্রথম বাংলা অভিধান প্রকাশের ২৭৫ বছর পূর্তি হলো এ বছর। পর্তুগিজ মিশনারি ম্যানুয়েল দ্য আসসুম্পসাওর প্রথম বাংলা অভিধানটি রচিত; এটি ছিল বাংলা পর্তুগিজ অভিধান। রোমান হরফে পর্তুগালের লিসবোয়া শহর থেকে এটি মুদ্রিত হয়। ১৭৩৪-৪২ এই কবছর ঢাকার ভাওয়ালে মিশনে কর্মরত থাকা অবস্থায় পাদ্রি ম্যানুয়েল অভিধানটি রচনা করেন। আর ২৪০ বছর আগে ১৭৭৮-এ প্রকাশিত হয় প্রথম ব্যাকরণ বই ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ A Grammar of Bengali Language; এতেই প্রথম বাংলা টাইপ ব্যবহার করা হয়।
জন রবিনসনের অভিধানটি তেমন আলোচিত হয়নি। এই অভিধানের কিছু বাংলা শব্দ পাশাপাশি বাংলা একাডেমি অভিধানে ব্যবহূত শব্দ ও কিছু শব্দসমষ্টি উদ্ধৃত হলো। এতে বাংলা গদ্যের বিবর্তন ও আধুনিকায়নের একটি ছবি মিলবে:
Abatement of rent : খাজানার তকফীক, খাজানার মুজারা, খাজানার মিনহা, খাজানা কম করণ।
Breach of Abkaree laws : আবকারীর আইন উল্লঙ্ঘন।
About noon : দুই প্রহর বেলার কিঞ্চিত্ পূর্ব্বে কি পরে।
Property by accession : পরিবর্তন কিংবা গুজরান কিংবা বৃদ্ধিপূর্ব্বক যে সম্পত্তি বাড়ে কি অধিক উত্তম হয়, তাহা।
Revenue Accounts : হকীকত জমা, মোট উত্পন্নের কৈফিয়ত।
Cash book: রোকড় বহী।
Acknowledgement of the receipt of rent : কবজুল উসুল।
Addition in distiling : ভাটির শরাবে কোন দ্রব্য মিশান
Until his arrival : তিনি যাবত্ না পঁহুছেন।
Arrears of revenue : বাকি মালগুজারী
Undue exaction : বাজে গ্রহণ, গরওয়াজিবি টাকা তলব, জাবেতা বাট্টা
House of Commons : কামন সাহেবদের সভা
Civil Engineering: রাস্তা ও পুলবন্দি ও রেলরোড ও খাল প্রভৃতি করিবার বিদ্যা।
He came from Calcutta : তিনি কলিকাতা থাকিয়া আইলেন
Till you come : তুমি যাবত্ না আইস তাবত্






