আফগানিস্তানকে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মাত্র ১৯৩ রানের লক্ষ্য ছুড়ে দিতে পেরেছে বাংলাদেশ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪৬.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯২ রান তুলেছে স্বাগতিকরা।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লিটন দাস এ ম্যাচেও সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে শেষ পর্যন্ত ৮৯ রানে আউট হন। এছাড়া সাকিব আল হাসান ৩০ ও মাহমুদউল্লাহ ২৯ রান করেন।
আগের ম্যাচেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। শেষ ম্যাচে অপরিবর্তিত দল নিয়ে হোয়াইটওয়াশ মিশন নামে তামিম ইকবালবাহিনী। কিন্তু রশিদ খান ও মোহাম্মদ নবির ঘূর্ণি বলের সামনে সাবলীল ব্যাটিং করতে পারেনি টাইগাররা।
দেশে-শুনে শুরু করেন দুই ওপেনার তামিম-লিটন। কিন্তু তামিমকে ফিরিয়ে ৪৩ রানের জুটি ভাঙেন ফজলহক ফারুকি। ২৫ বল খেলে ১১ রান করেন তামিম। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচেই ফারুকির শিকার হলেন বাংলাদেশ অধিনায়ক। এরপর সাকিব ফেরেন ৩৬ বলে ৩০ রান করে। মুশফিকুর রহিম ৭, ইয়াসির আলী ১, আফিফ হোসেন ৫, মেহেদী হাসান মিরাজ ৬ ও শরিফুল ইসলাম আউট হন ৭ রানে। তবে একপ্রান্ত আগলে লিটন তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থ হাফসেঞ্চুরি। নবির শিকার হওয়ার আগে ১১৩ বলে ৮৯ রান করেন। এই উইকেটরক্ষক-ব্যাটার ইনিংসটি সাজিয়েছেন সাতটি চারের বাউন্ডারিতে। শেষ পর্যন্ত অপরাজিত থেকে মাহমুদউল্লাহ রিয়াদ করেন ৩০ রান। আফগান বোলারদের মধ্যে রশিদ তিনটি ও নবি দুটি উইকেট নেন।










